বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোক্তারা। যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে, দেশের অর্থনীতি তত বেশি গতিশীল হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার যুব ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ এবং বিশেষ তহবিলের ব্যবস্থা করেছে, যা নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (১৯ জুন) যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যশোর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে উদ্যোক্তা তৈরির প্রক্রিয়া আরও বেগবান হবে। যশোরের নারীদের সূচিশিল্পে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। তবে আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী ডিজাইনের সঙ্গে তাল মেলাতে না পারায় এ শিল্প কিছুটা পিছিয়ে পড়েছে। তিনি বলেন, আজও অনেক উদ্যোক্তা পুরনো ডিজাইনের ওপর নির্ভরশীল। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ডিজাইন, উন্নতমানের কাপড় ও সুতা ব্যবহার করা গেলে সূচিশিল্পের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব।
বিসিক শিল্পনগরীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিসিক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা এবং নিরাপত্তা ঝুঁকি প্রত্যক্ষ করেছিলেন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিসিকে একটি ফায়ার সার্ভিস সাব-স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন

অনিন্দ্য ইসলাম জানান, বিসিক এলাকায় ড্রেনেজ ও সড়ক উন্নয়নের পাশাপাশি নিয়মিত সড়ক আলোকায়ন এবং সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উদ্যোক্তা ও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যায়।
জ্বালানি খাতের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নিরাপদ ও টেকসই জ্বালানি নীতির ওপর গুরুত্ব দিচ্ছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, কোন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেটিও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর সরকার জোর দিচ্ছে। এ কারণে সোলার প্যানেল স্থাপনে চলতি বাজেটে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বিসিক যশোরের উদ্যোক্তাদের যৌথভাবে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি বিসিক এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পুনরায় চালুর বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
১০ দিনব্যাপী এ উদ্যোক্তা মেলায় ৬০টি স্টল অংশ নেন। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
ক.ম/




