দেশের মাইক্রো এন্টারপ্রাইজ খাতে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার বাংলাদেশ ব্যাংক ভবনে এ চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান ও পরিচালক মো. জবদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিকেএসএফের পক্ষেও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ মে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে পিকেএসএফের মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং বিদ্যমান ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এ তহবিল গঠন করা হয়েছে।
তহবিলের আওতায় ক্ষুদ্র উদ্যোগসহ ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড সংযোগযুক্ত মূল্যশৃঙ্খলে অংশী উদ্যোগগুলোর সম্প্রসারণে অর্থায়ন করা হবে। কর্মসূচিটি মূলত আর্থিক সেবা প্রদান, ব্যবসাগুচ্ছভিত্তিক মূল্যশৃঙ্খল উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন—এই তিনটি উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে।
পিকেএসএফ মাইক্রো এন্টারপ্রাইজ খাতে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছের উন্নয়নে কাজ করবে। মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং অর্থের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এ প্রণোদনা তহবিল আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে।
এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে এবং দেশের মাইক্রো এন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম চালিকাশক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
টিএই/এএইচ



