বোরহান উদ্দিন
০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
জাপান বলতেই চোখের সামনে ভেসে ওঠে উন্নত প্রযুক্তি, বুলেট ট্রেন আর বিশ্বমানের অটোমোবাইল শিল্পের ছবি। বিশ্ববাজারে জাপানি ব্যবহৃত গাড়ির চাহিদাও দীর্ঘদিনের। এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চল থেকে লাতিন আমেরিকা-বিশ্বের বিভিন্ন দেশে দাপটের সঙ্গে চলছে জাপানি ব্র্যান্ডের গাড়ি। আর এই বিশাল বাজারকে ঘিরেই তৈরি হয়েছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের নতুন সম্ভাবনা।
জাপানের রাজধানী টোকিওতে অটোমোবাইল রফতানি খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশি উদ্যোক্তা ও কনসালট্যান্ট মাইনুল ইসলাম। কুমিল্লার সন্তান মাইনুল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল রফতানিকারক প্রতিষ্ঠানের সেলস টিমে একাধিক দেশের বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে পরিচালিত দলটি প্রতি মাসে তিন হাজারের বেশি গাড়ি বিক্রি করত। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘PQS JAPAN’ পরিচালনার পাশাপাশি জাপানের একাধিক শীর্ষস্থানীয় গাড়ি কোম্পানির কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন তিনি।
সম্প্রতি জাপান সফরকালে ঢাকা মেইলের মুখোমুখি হন মাইনুল ইসলাম। সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন জাপানের অটোমোবাইল রফতানি খাতে বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সিংয়ের বিপুল সম্ভাবনা, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের সাফল্য, এ খাতে আয়ের সুযোগ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকারের করণীয় নানা দিক। নিচে সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হলো-
ঢাকা মেইল: জাপানের গাড়ির বাজার এবং অনলাইন এক্সপোর্টের বর্তমান পরিস্থিতি কেমন? এখানে ফ্রিল্যান্সিংয়ের সুযোগটাই বা তৈরি হলো কীভাবে?
মাইনুল ইসলাম: জাপানের গাড়ির বাজারটা মূলত একটা চিরসবুজ খাত। এখানকার নিয়ম অনুযায়ী, একটা গাড়ি কিছুদিন পুরোনো হলেই সেটির ওপর কর বা ট্যাক্সের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়। এ কারণে জাপানি নাগরিকরা নিয়মিত নতুন গাড়ি কেনেন এবং পুরোনো গাড়িগুলো বিক্রির জন্য এক্সপোর্ট মার্কেটে পাঠিয়ে দেন। এর ফলে বিশ্বজুড়ে জাপানি পুরোনো গাড়ির একটা বিশাল বাজার এবং নিরবচ্ছিন্ন চাহিদা তৈরি হয়েছে। জাপানের প্রধান প্রধান এক্সপোর্টার কোম্পানিগুলো প্রতি মাসে গড়ে ১ লাখ ১০ হাজার থেকে দেড় লাখ গাড়ি বিশ্বজুড়ে রফতানি করে।
করোনা পরবর্তী সময়ে জাপানে মারাত্মক কর্মীর সংকট দেখা দেয়। একই সঙ্গে মানুষের মধ্যে অনলাইনে কেনাকাটার প্রবণতাও বেশ বেড়ে যায়। ঠিক সেই সময়ে জাপানি কোম্পানিগুলো চিন্তা করতে শুরু করে যে, লোকাল বা অভ্যন্তরীণ কাজগুলো নিজেদের লোক দিয়ে করিয়ে সেলস, কাস্টমার সার্ভিস ও আন্তর্জাতিক মার্কেটিংয়ের কাজগুলো যদি আউটসোর্সিং করা যায়, তবে কেমন হয়! মূলত এভাবেই ফ্রিল্যান্সিংয়ের সুবর্ণ সুযোগটা তৈরি হয়।
ঢাকা মেইল: এই সেক্টরে কাজ করতে চাইলে একজন ফ্রিল্যান্সারের ঠিক কী ধরনের দক্ষতা থাকা জরুরি?
মাইনুল ইসলাম: শুধু জাপানি ভাষা বা শুধু ইংরেজি দিয়ে কিন্তু এখানে পূর্ণাঙ্গ সাফল্য পাওয়া যাবে না। এর জন্য দরকার ‘মাল্টিলিঙ্গুয়াল’ বা বহুভাষিক দক্ষতা এবং অটোমোবাইল খাতের টেকনিক্যাল জ্ঞান। জাপানি কোম্পানিগুলো এমন মানুষ খোঁজে, যারা আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ইংরেজিতে একদম সাবলীলভাবে যোগাযোগ করতে পারবে এবং কোম্পানির ভেতরের জাপানি টিমের সঙ্গে জাপানি ভাষায় কথা বলে গাড়ির সোর্সিং, শিপিং ও ডকুমেন্টেশন নিখুঁতভাবে সমন্বয় করতে পারবে। আমরা ছোটবেলা থেকেই তো কমবেশি ইংরেজি পড়ে আসি, তাই যোগাযোগের বেসিক ভিত্তিটা আমাদের রয়েছে। এর সঙ্গে যদি জাপানি ভাষা, অকশন শিট পড়ার দক্ষতা এবং জাপানিদের কর্মসংস্কৃতিটা ভালোভাবে আয়ত্ত করা যায়, তবে একজন ফ্রিল্যান্সার অত্যন্ত মূল্যবান সম্পদে পরিণত হন।
জাপানিদের আস্থা অর্জন করতে হলে মূলত তিনটি জিনিস লাগে-কাস্টমার যেন তাদের ভাষা জানে, কাজের নিয়মকানুন বোঝে এবং সে কোম্পানির জন্য কোনো ধরনের ক্ষতিকারক নয়। কাস্টমার সার্ভিস দেওয়া, বিভিন্ন দেশের আমদানি বিধিমালা (ইমপোর্ট রেগুলেশন) সম্পর্কে ধারণা রাখা এবং অ্যাকাউন্টস, শিপিং ও কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে রিয়েল-টাইমে কাজ করার দক্ষতাটাই এখানে সবচেয়ে বেশি দরকার।
ঢাকা মেইল: বিশ্বের অন্য দেশগুলো এই সুযোগ কতটা লুফে নিচ্ছে? প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কোথায়?
মাইনুল ইসলাম: আন্তর্জাতিক গাড়ি বিক্রির এই ফ্রিল্যান্সিংয়ে এখন সবচেয়ে ভালো করছে পাকিস্তানের তরুণরা। পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্তরের ছাত্র ও তরুণরা এটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা পেশা হিসেবে বেছে নিয়েছে। এ ছাড়া কিরগিজস্তান এবং আজারবাইজানের ফ্রিল্যান্সাররাও এই বাজারে বেশ ভালো অবস্থান তৈরি করেছে।
আগে পাকিস্তানে যখন আমি প্রজেক্ট শুরু করি, তখন মাত্র ৫০ জন এজেন্ট নিয়ে কাজ শুরু হয়েছিল। পরে তা বাড়িয়ে ১০০ থেকে ১৫০ জনে উন্নীত করা হয়। সেখানে দেখা গেছে, ১০০ জন ফ্রিল্যান্সার প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে যোগাযোগ করছেন। তারা মাসে মোটে ২০ দিন কাজ করেই প্রায় ২ হাজার গাড়ি বিক্রির সক্ষমতা অর্জন করেছেন।
জাপানে একজন স্থানীয় জাপানি কর্মীর পেছনে বেতন আর হেলথ-এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স মিলিয়ে প্রতি মাসে প্রায় ৩ হাজার ডলার খরচ হয়। অথচ ওই ৩ হাজার ডলার সমপরিমাণ বাজেটের একটা ফ্রিল্যান্সিং টিমের মাধ্যমেই ১৫০টি পর্যন্ত গাড়ি বিক্রি করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। পাকিস্তান এই গাণিতিক সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছে।
আমাদের দেশের টাইম জোনটা বেশ অনুকূল-যা জাপান, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। তা সত্ত্বেও সঠিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর প্রচারণার অভাবে আমাদের তরুণরা কিছুটা পিছিয়ে আছে। তবে আমাদের বর্তমান টিম থেকে বাংলাদেশ থেকেই প্রতি মাসে ১০০ থেকে ১৫০ ইউনিট গাড়ি আন্তর্জাতিক বাজারে সফলভাবে বিক্রি করা হচ্ছে।
ঢাকা মেইল: বাংলাদেশে বসে একজন ফ্রিল্যান্সার এই কাজ করে কেমন আয় করতে পারেন? কাজটি কি কেবল ঢাকাতেই সীমাবদ্ধ, নাকি ঢাকার বাইরে থেকেও করা সম্ভব?
মাইনুল ইসলাম: এটাই তো ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য যে, এটা কোনো নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না। ভালো ব্রডব্যান্ড বা স্টারলিংক ইন্টারনেট আর সোলার বিদ্যুতের ব্যবস্থা থাকলে বাংলাদেশের যেকোনো প্রত্যন্ত গ্রাম থেকেও অনায়াসে কাজ করা যায়। আমার নিজের টিমেও পটুয়াখালী ও বরিশালসহ বিভিন্ন এলাকার তরুণরা খুব সফলভাবে কাজ করে যাচ্ছেন।
আয়ের কথা যদি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিটি গাড়ি বিক্রির বিপরীতে একজন ফ্রিল্যান্সার বা এজেন্ট গড়ে ৮০ থেকে ৮৫ ডলার পর্যন্ত কমিশন পান। আমার নিজের বাংলাদেশি টিমের কথাই যদি বলি, এখানে টিমের ম্যানেজারের মূল বেতনই মাসে ৮০ হাজার টাকা, আর তার সঙ্গে মোট মুনাফার ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত প্রফিট শেয়ার দেওয়া হয়। গাড়ির বিক্রির ভলিউম যত বাড়ে, আয়ের অংকটাও তত লাফিয়ে লাফিয়ে বাড়ে।
ঢাকা মেইল: দেশের এই বিশাল সম্ভাবনাকে চারদিকে ছড়িয়ে দিতে সরকারের ঠিক কী ধরনের ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন?
মাইনুল ইসলাম: বেসরকারি পর্যায়ে আমাদের মতো উদ্যোক্তারা ব্যক্তিগত উদ্যোগে হয়তো ১০-১৫ জন তরুণকে প্রশিক্ষণ দিতে পারি, কাজ শেখাতে পারি। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই বাজার বড় পরিসরে দখল করা অসম্ভব। পাকিস্তান বা ফিলিপাইনের মতো দেশগুলো সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার কারণেই জাপানের বড় বড় কোম্পানির অফশোর অফিসগুলো নিজেদের দেশে টেনে নিতে পারছে।
বর্তমানে যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছেন, তাদের অনেকেই আধুনিক এসব অটোমোবাইল সফটওয়্যার বা প্রযুক্তির সঙ্গে খুব একটা পরিচিত নন। তাই সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন-যুব উন্নয়ন বা আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণদের মেধা ও কাজের আগ্রহ যাচাই করে তাদের নির্বাচন করা এবং স্কলারশিপের আওতায় এনে প্রশিক্ষণ দেওয়া, সাধারণ ল্যাঙ্গুয়েজ কোর্সের গণ্ডি পেরিয়ে প্রফেশনাল জাপানি ভাষা, আধুনিক অটোমোবাইল সফটওয়্যার এবং অকশন পোর্টাল ব্যবহারের ব্যবহারিক শিক্ষা দেওয়া, সব ধরনের মধ্যস্বত্বভোগী বা লাল ফিতার দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি তরুণদের সঙ্গে হাত মিলিয়ে প্রকল্প বাস্তবায়ন করা।

জাপানের বাজারে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এখানকার খুঁটিনাটি সব মেকানিজম ভালোমতো বোঝেন, তাদের জ্ঞান ও টেকনিক্যাল সাপোর্টকে কাজে লাগানো। সর্বোপরি বলব, বাংলাদেশ সরকার যদি এই সম্ভাবনার জায়গাটি গভীরভাবে অনুধাবন করে তরুণদের দক্ষ করে গড়ে তোলে, তবে কেবল এই অটোমোবাইল ফ্রিল্যান্সিং খাত থেকেই প্রতি মাসে বাংলাদেশে কোটি কোটি ডলার অতিরিক্ত রেমিট্যান্স আনা শতভাগ সম্ভব।
ঢাকা মেইল: ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
মাইনুল ইসলাম: আপনাকে এবং ঢাকা মেইলকেও ধন্যবাদ।
বিইউ/এমআর