শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাপানে ভাষার দেয়ালে চাপা পড়ছে বাংলাদেশিদের স্বপ্ন

বোরহান উদ্দিন, জাপান থেকে
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

জাপানে ভাষার দেয়ালে চাপা পড়ছে বাংলাদেশিদের স্বপ্ন
জাপানে ভাষা না জানায় পিছিয়ে বাংলাদেশিরা। ছবি: ঢাকা মেইল
  • ​ভাষাজ্ঞানের ঘাটতিতে দক্ষতা থাকলেও কম মূল্যায়ন
  • কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রয়োজন এন-২ পর্যায়ের ভাষাদক্ষতা
  • পিছিয়ে বাংলাদেশ, এগিয়ে ভিয়েতনাম-পাকিস্তান-নেপাল
  • দেশে জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র গড়বে সরকার

​দেড় যুগ আগের কথা। কুমিল্লার মাইনুল ইসলাম জাপান এসেছিলেন কেবল রেস্টুরেন্টে সাধারণ একটি কাজ নিয়ে। বর্তমানে রাজধানী টোকিওর বিখ্যাত এলাকা শিন-কোইওয়ায় সফলভাবে নিজের গাড়ির ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। ভাষার চড়াই-উতরাই পেরিয়ে আজ এই অবস্থানে পৌঁছাতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।

মাইনুলের মতো এমন সাফল্যের গল্প এই প্রবাসে নেহাত কম নয়। কিন্তু ভাষা না জানা কিংবা সামান্য জ্ঞানের কারণে বড় একটা অংশের প্রবাসীরা আজ কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না। পকেটে কাজের দক্ষতা থাকলেও শুধু ভাষা না জানার কারণে তাদের আটকে থাকতে হচ্ছে নিম্নপর্যায়ের কাজের গণ্ডিতে। অথচ একই শ্রমবাজারে ঠিকই নিজেদের অবস্থান করে নিচ্ছেন অন্য দেশের প্রবাসীরা।

​বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার। কিন্তু উপযুক্ত দক্ষতা, জাপানি ভাষার যথাযথ জ্ঞান এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ঘাটতি এই সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছে। ভাষার এই ঘাটতি কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে তৈরি করছে এক বড় প্রাচীর।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত

​জাপান সফরে এসে গাড়ি ব্যবসায়ী মাইনুলের সঙ্গে আলাপকালে উঠে এলো প্রবাস জীবনের এই কঠোর বাস্তবতার চিত্র।

ঢাকা মেইলকে তিনি বলেন, ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ, তা হাড়েহাড়ে টের পেয়েছি। এখানে এক গ্লাস পানি খাওয়ার সুযোগও নেই ভাষা না জেনে। জাপানিরা সাধারণত ইংরেজিতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাই স্থানীয়দের সঙ্গে ব্যবসা বা চুক্তি করতে হলে জাপানি ভাষা জানা জরুরি।

Japan2

​নতুন প্রবাসীদের মধ্যে ভাষা শেখার অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাইনুল জানান, প্রথম দিকে ভাষা না পারলেও তিনি জাপানিদের দৈনন্দিন চলাফেরা ও সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করতেন। কিন্তু বর্তমানে নতুনদের মধ্যে সেই আগ্রহ কমে যাওয়ায় তারা পেশাগত বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন।

​ওসাকা উপসাগরের তীরে অবস্থিত বন্দরনগরী কোবের বাসিন্দা আশিক খন্দকার। নরসিংদীর এই তরুণ সাড়ে চার বছর ধরে আছেন জাপানে। ইউনিভার্সিটি অব মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সায়েন্সে অধ্যয়নরত আশিক খণ্ডকালীন কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। টোকিওর ঐতিহাসিক নিউ ওতানি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা হয় তার সঙ্গে।

​জাপানে আসার প্রাথমিক ধাপগুলো স্মরণ করে আশিক বলেন, বাংলাদেশে যারা স্টুডেন্ট ভিসায় আসার প্রস্তুতি নেন, তারা সাধারণত কোনো রকমে এন-৫ বা এন-৪ লেভেল শেষ করে আসেন। কিন্তু জাপানের বাস্তব কর্মক্ষেত্রে এটি পর্যাপ্ত নয়।

আরও পড়ুন

আকর্ষণীয় পরিবেশ দেখে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

​তিনি আরও জানান, এন-৫ ও এন-৪ হলো যথাক্রমে প্রাথমিক ও মৌলিক স্তর। কিন্তু কর্মক্ষেত্রে ভালো করতে হলে অন্তত এন-২ লেভেল পর্যন্ত দক্ষতা থাকা জরুরি। এই উচ্চ-মধ্যম স্তরে দক্ষতা থাকলে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের জটিল কথোপকথন সাবলীলভাবে সামলানো যায়। ভাষা না জানার কারণে বাংলাদেশিদের বাধ্য হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো তুলনামূলক কম বেতনের কাজ বেছে নিতে হয়। শপিংমল, শোরুম বা ভালো রেস্টুরেন্টেও তাদের জায়গা হয় না। অথচ ঠিক পাশেই ভারত, পাকিস্তান ও নেপালের প্রবাসীরা ভাষা জানা থাকায় অনেক ভালো পদে কাজ করছেন।

Japan3

​টোকিওর শিনওকোবে এলাকায় মেট্রোরেলে কথা হয় সম্প্রতি স্টুডেন্ট ভিসায় জাপান আসা সাফরুন নাহারের সঙ্গে। ভাষা না জানায় খণ্ডকালীন কাজের বাজারে এখনো থমকে আছেন তিনি। তার ভাষাশিক্ষার্থী ও বান্ধবী লুৎফন নুহা একটি রেস্টুরেন্টে রিসিপশনে কাজ করলেও ভাষার জড়তায় সাফরুন এখনো নিজের জন্য কোনো পথ করে উঠতে পারেননি।

​সাইতামার ডন কিহোতে শপিংমলের ফ্লোর ম্যানেজার হিসেবে কর্মরত জাহিদুল ইসলামের অভিজ্ঞতাও একই রকম। ইঞ্জিনিয়ার ভিসায় আসা এই তরুণ জানান, জাপানিরা তাদের ভাষাকে ভীষণ শ্রদ্ধা করে। আপনি কতটা দক্ষ, তার চেয়েও বড় বিষয় হলো আপনি জাপানি ভাষা কতটা জানেন। ভাষা না জানলে তাদের সংস্কৃতিকে ধারণ করা যায় না—যা কেবল অর্থ উপার্জনের উদ্দেশে আসা প্রবাসীদের ক্ষেত্রে জাপানিরা কখনোই ভালোভাবে নেয় না।

আরও পড়ুন

জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি ও মেগা অবকাঠামোয় জোর

দুই বছর ধরে জাপানে বসবাস করা আবুল বাশার ঢাকা মেইলকে বলেন, কারও যদি ভাষা ভালো জানা থাকে তার জন্য জাপানে ভালো করার সুযোগ অনেক। ভালো মানের চাকরি, বেতনের দিক থেকে সে অন্যদের ছাড়িয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসেন তাদের সমস্যা এখানেই। বিশেষ করে যেসব শিক্ষার্থী নানা প্রলোভনে পড়ে অল্প ভাষা শিখে এখানে আসেন তারা খুব সমস্যায় পড়েন৷ সরকারের এদিকে নজর দেওয়া উচিত।

Japan4

​অভিবাসন বিশ্লেষকদের মতে, জাপানের বিপুল শ্রমবাজার বাংলাদেশের জন্য বিশাল সুযোগ হলেও ঘাটতি রয়েছে সুনির্দিষ্ট নীতিমালায়। নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস)-এর সমন্বয়ক ড. সেলিম রেজা মনে করেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী থাকা সত্ত্বেও প্রয়োজনীয় দক্ষতা, জাপানি ভাষাজ্ঞান ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের অভাবে সেই সুবিধার পুরো সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। জনশক্তি রফতানিকে কেবল সংখ্যার মানদণ্ডে না মেপে, দক্ষতা বৃদ্ধি এবং জাপানি নিয়োগকর্তাদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ার ওপর জোর দেন এই গবেষক।

ভাষা শিক্ষায় জোর দেবে সরকার

​জাপানের শ্রমবাজারে দীর্ঘমেয়াদে নিজেদের অবস্থান শক্ত করতে এবার জোরালো পদক্ষেপ নিয়েছে সরকার। জাপান সফরকালে দেশটির এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

jAPAN5

​পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জাপানিসহ তৃতীয় ভাষা চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েই দেশটিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমেই কেবল জাপানের শ্রমবাজারে আমাদের কর্মীদের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা ধরে রাখা সম্ভব।

আরও পড়ুন

জাপানের বাজারে পোশাক রফতানিতে ‘নতুন সম্ভাবনা’

​জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশের কাজে লাগানোর বিষয়ে প্রধানমন্ত্রী জানান, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। জাপানি ভাষার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরও প্রত্যাশা অনুযায়ী আবেদন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, জাপানি ভাষায় দক্ষ কোনো প্রবাসী শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পথ খুঁজে দেখা হবে।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর