Dhaka Mail Logo

আন্তর্জাতিক

প্রথম নারী ও ইহুদি মহাসচিব পেতে যাচ্ছে জাতিসংঘ?

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। 

শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

আলজাজিরা জানিয়েছে, সর্বশেষ ভোটে রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে তার বিরুদ্ধে দুটি ভোট পড়েছে। এই বিরোধিতাকারী দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি রাফায়েল গ্রোসি আটটি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে আর্জেন্টিনার এই পেশাদার কূটনীতিকেরও বিরুদ্ধেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি দেশ বিরোধিতা করেছে।

অন্যদিকে, প্রতিযোগিতায় তুলনামূলক দেরিতে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তার প্রার্থিতার বিরোধিতা করছে তিনটি স্থায়ী সদস্য দেশ। সুদানের সংঘাতে আমিরাতের কথিত সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগের কারণে তাকে নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

এদিকে চীন ভিন্ন যুক্তিতে নুসাইবেহের প্রার্থিতার বিরোধিতা করছে। 

দেশটির মতে, অলিখিত নিয়ম অনুযায়ী বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের পর্যায়ক্রমে জাতিসংঘের মহাসচিব হওয়ার সুযোগ পাওয়া উচিত। সে হিসাবে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কারও দায়িত্ব পাওয়ার পালা।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে ১০০ দিনের বেশি সময় ধরে চলছে, যা জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম নির্বাচন প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে অন্য প্রার্থীদের তুলনায় গ্রিনস্প্যানই সবচেয়ে এগিয়ে রয়েছেন।

রেবেকা গ্রিনস্প্যান ২০২১ সাল থেকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আলজাজিরা জানিয়েছে, গ্রিনস্প্যানের পরিবারের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে তার অবস্থান মোটামুটি জাতিসংঘের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনস্প্যান বলেন, ‘জাতিসংঘকে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এমন মানুষদের কথা শুনেছি যাদের জাতিসংঘকে প্রয়োজন, কিন্তু সংস্থাটি কাজ করতে পারবে কি না, সে বিষয়ে তারা ক্রমশ সন্দিহান হয়ে পড়ছেন। তারা শান্তির জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক এমন নেতৃত্ব চান।’

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কর্মকর্তা হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে গ্রিনস্প্যানের অবস্থানের কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সমর্থন জোগাতে বেগ পেতে হবে তাকে। বিশেষ করে তাকে একজন নেতার মন জয় করতে হবে, যিনি সেই জাতিসংঘকেই ভেঙে ফেলার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল সাফরান-হোনের মতে, এখন পর্যন্ত অন্য প্রার্থীদের তুলনায় গ্রিনস্প্যানই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তবে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হলে তাকে নিরাপত্তা পরিষদের বিরোধিতাকারী স্থায়ী সদস্যদের সমর্থন আদায় করতে হবে।

প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য ভোট দেন। কোনো প্রার্থীর কমপক্ষে নয়টি সমর্থনসূচক ভোট প্রয়োজন। তবে পাঁচ স্থায়ী সদস্যের—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের—যেকোনো একটির বিরোধিতা বা ভেটো থাকলে সেই প্রার্থী নির্বাচিত হতে পারবেন না।

সূত্র: আলজাজিরা

এমএইচআর