আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালত গাম্বিয়ার দায়ের করা মামলার রায়ে এ সিদ্ধান্ত দেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, যৌন সহিংসতা ও বাস্তুচ্যুত করার ঘটনাকে গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করেছে আদালত।
১৫ বিচারকের আদালতে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। রোহিঙ্গাদের ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় বা গণহত্যার উদ্দেশ্য ছিল বলে আদালত মনে করেছে। এ রায় আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা।
রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
মামলার পটভূমি
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এ মামলায় গাম্বিয়া অভিযোগ করে যে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান।
২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আদালত মামলাটির বিচারিক এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেন। ২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির মূল শুনানির আয়োজন করা হয়।
রায়ে যা বলা হয়েছে
এপির প্রতিবেদন অনুযায়ী, আদালত ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্যসহ বিভিন্ন নৃশংসতার প্রমাণ বিবেচনা করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে।
আদালত আরও মনে করেছে, এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। ফলে গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হয়েছে।
এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের নিজস্ব কোনো সরাসরি বলপ্রয়োগকারী ব্যবস্থা নেই। কোনো পক্ষ রায় বাস্তবায়ন না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা যেতে পারে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে জানিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং তাদের পরিবারের সদস্যদের পুনর্মিলনের ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত। গণহত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশের জন্যও এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৭ সালের সামরিক অভিযানের পর পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান কূটনৈতিক ও মানবিক অগ্রাধিকার।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এ রায় ভবিষ্যতে গণহত্যার অভিযোগ সংক্রান্ত আন্তর্জাতিক মামলাগুলোর বিচারেও গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।
তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, হিউম্যান রাইটস ওয়াচ
এফএ