২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক অভিযানের সময় হত্যার পর মরদেহ পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গণকবরসহ বিভিন্ন আলামত ধ্বংস করেছে বলে বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ সদস্যের বিচারক প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্তে পৌঁছেছে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি এ মামলার রায় পাঠ শুরু করেন।
তিনি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার কাজে লিপ্ত ছিল।
বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আরো বলেন, “যেসব স্থানে ‘ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযান’ চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যার ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়”।
রায়ে আদালত বলেছে, রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে।
বিচারপতি ইউজি বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেই সাথে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।’
রায়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক ইউজি।
এসময় বিচারপতি ইউজি এ মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা তুলে ধরেন।
তিনি ব্যাখ্যা করেন, গণহত্যা সংক্রান্ত আগের রায়গুলোর মতো এ মামলায় নিজেদের পর্যবেক্ষণের সপক্ষে আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই।
বিচারপতি ইউজি বলেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’
তিনি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে।
যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও আদালত বিবেচনায় নিচ্ছে বলে জানান তিনি।
ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছেন, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন।
এরআগে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত রোহিঙ্গাদের মরদেহ সংগ্রহ করে পুড়িয়ে ফেলেছে, গণকবরে দাফন করেছে কিংবা অন্যত্র সরিয়ে নিয়েছে। পরবর্তী সময়ে বুলডোজার দিয়ে গ্রাম ও আশপাশের এলাকা সমতল করে দেওয়ায় গণকবর ও পোড়া স্থাপনার আলামত শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
আদালতে গাম্বিয়ার পক্ষ থেকে দাখিল করা লিখিত বক্তব্যেও বলা হয়েছে, রোহিঙ্গাদের মরদেহ বিকৃত করা, বাড়িঘরে আগুন দেওয়া এবং পুরো গ্রাম বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করার মাধ্যমে গণহত্যার গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করা হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া ২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। বহুল আলোচিত এ মামলার রায় আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির জান্তা সরকারের দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।
সূত্র: বিবিসি, রয়টার্স
এমএইচআর




