বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের
শুনানিতে অংশ নিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয় মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী কো কো হ্লাইং

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে)। একই সঙ্গে গণহত্যার দায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক গণহত্যা মামলার রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এ নির্দেশ দেন।

১৫ সদস্যের বিচারক প্যানেল ৯-৬ ভোটে রায় দিয়েছেন, ২০১৬-১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর নৃশংসতা চালিয়েছে।

রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আদালত বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্য ছিল। 

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’

প্রায় তিন ঘণ্টা ধরে দেওয়া রায়ে তিনি আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকাণ্ড ঘটিয়েছে।

রায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে ও অন্যান্য দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারকেরা। 

বিচারক ইউজি বলেন, ‘গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার আনুপাতিক ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।’

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ) বলেছে, আইসিজের এই রায় ‘মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।’

সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধে যারা ভুক্তভোগী, তাদের ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের উচিত দ্রুত আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরত পাঠানো নিশ্চিত করা।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাঁদের বড় অংশ প্রায় এক দশক ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

সূত্র: আলজাজিরা, বিবিসি 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর