Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র খুলতে শুরু করে। 

আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী, প্রথম ভোটকেন্দ্র খুলেছে পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে। স্থানীয় সময় সকাল ৫টায় সেখানে ভোটগ্রহণ শুরু হয় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। এরপর সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকিসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের পার্থক্যের কারণে ভোটগ্রহণ শুরু ও শেষ হওয়ার সময়ও আলাদা।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সব ৪৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির জন্য ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের কর্মকাণ্ডের ওপর ভোটারদের মূল্যায়ন হিসেবেও দেখা হচ্ছে এবারের নির্বাচনকে। একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবে এই ভোট।

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসন পেলে প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারবে। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের আগামী দুই বছরের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

প্রতিনিধি পরিষদের সব আসনে নির্বাচন হলেও সিনেটের ক্ষেত্রে এক-তৃতীয়াংশের মতো আসনে ভোট হচ্ছে। সিনেটের সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি দুই বছর পরপর পর্যায়ক্রমে তাঁদের একাংশের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, জ্বালানির দাম, অভিবাসননীতি, অর্থনীতি এবং ইরানকে ঘিরে চলমান যুদ্ধ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের সঙ্গে সংঘাত এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছর তিনি কতটা নির্বিঘ্নে তার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন, তা অনেকাংশে নির্ভর করছে এই নির্বাচনের ওপর।

এদিকে এবারের নির্বাচনে আগাম ভোটও উল্লেখযোগ্য মাত্রায় পড়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন আসার আগেই ৫ কোটি ৭০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ কখন শেষ হবে?

ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময়ও অঙ্গরাজ্যভেদে ভিন্ন। সবচেয়ে আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) ইন্ডিয়ানা ও কেনটাকির কয়েকটি এলাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।

অন্যদিকে মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে সন্ধ্যা ৭টায় ভোটকেন্দ্র বন্ধ হবে। আইওয়ায় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। এসব সময়ের মধ্যে মিশিগান, কানসাস ও আইওয়ার ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময় বাংলাদেশ সময় বুধবার রাত ১টা ও ভোর ২টার মধ্যে পড়বে। সবশেষে আলাস্কায় স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।

ফলাফল কখন প্রকাশ হবে?

ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর মঙ্গলবার থেকেই প্রাথমিক ফলাফল আসতে শুরু করতে পারে। এরপর রাতভর এবং বুধবারও বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল প্রকাশ অব্যাহত থাকবে। তবে প্রাথমিক ভোটের হিসাব প্রকাশ মানেই কোনো প্রার্থী বা দলের বিজয় নিশ্চিত হওয়া নয়।

নির্বাচনী কর্মকর্তারা ব্যালট গণনা ও যাচাইয়ের পর ভোটের হিসাব প্রকাশ করেন। 

অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিভিন্ন আসনের ফলাফল বিশ্লেষণ করে বিজয়ী নির্ধারণের ঘোষণা দেয়। ফলে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, সেসব আসনের ফলাফল নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

বিশেষ করে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফলাফলই শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স


এমএইচআর