মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আড়াই’শ বছরের মার্কিন ইতিহাস পাল্টে দিতে পারেন আল-সাইয়েদ

এম এম সালাহউদ্দিন
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

আড়াই’শ বছরের মার্কিন ইতিহাস পাল্টে দিতে পারেন আল-সাইয়েদ
আবদুল আল-সাইয়েদ।

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর চেয়েও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন এক সিনেট প্রার্থী। আরো স্পষ্ট করে বললে বলতে হয় এক মুসলিম প্রার্থী, নাম আবদুল আল-সাইয়েদ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প তার নিজের নির্বাচনের চেয়েও বেশি চিন্তিত এই মুসলিম সিনেটর প্রার্থীকে নিয়ে। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। বিজয়ী হলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইশ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হয়ে নতুন ইতিহাস গড়বেন।

যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ বা সিনেট গঠিত হওয়ার পর থেকে গত প্রায় ২৫০ বছরে কোনো মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হননি। ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য পরিচালক এবং প্রগতিশীল এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মিশিগান অঙ্গরাজ্য থেকে ইউএস সিনেট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়লাভ করলে তিনি মার্কিন সিনেটের ২৫০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে শপথ নেবেন।

মিশিগানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে। আবদুল আল-সাইয়েদ মূলত 'সবার জন্য স্বাস্থ্যসেবা' (Medicare for All), রাজনীতি থেকে কর্পোরেট অর্থের প্রভাব দূর করা এবং সাধারণ কর্মজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর মতো প্রগতিশীল নীতিমালার পক্ষে প্রচারণা চালান।

রাজনীতিতে আসার আগে তিনি একজন চিকিৎসক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোডস স্কলার ছিলেন। এছাড়া তিনি ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্ররোচণায় নির্বাচনের দুদিন আগে বিশ্বাসঘাতকতা করে বসেন ডেমোক্রেটিক পার্টির সদস্য হ্যালি স্টিভেন্স। গত রোববার ডেমোক্রেটিক পার্টির সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ায় ডেমোক্রেটিক পার্টির ভেতরেই তার তীব্র সমালোচনা শুরু হয়। তবে এই ঘটনার পর ডেমোক্র্যাটদের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা আবদুল আল-সাইয়েদের পক্ষে আরও শক্তভাবে মাঠে নেমেছেন। তবে এ ঘটনার পর মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদের নির্বাচনী তহবিলে এক দিনেই রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়েছে।

গত রোববার তারই দলের কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে ওই আসনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ার পর এ ঘটনা ঘটে। নির্বাচনের ঠিক দুই দিন আগে আবদুল আল-সাইয়েদের প্রচার শিবির এক দিনেই ২৪ লাখ ডলার সংগ্রহ করেছে। দলটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের প্রচারণার ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় তহবিল সংগ্রহের রেকর্ড।

আবদুল আল-সাইয়েদের নির্বাচনী প্রচারের মুখপাত্র কোল ওজনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের এই ঘটনা মিশিগানের মানুষের মাঝে আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনারই প্রমাণ। একই সঙ্গে এটি বছরের পর বছর ধরে মিশিগানকে পিছিয়ে রাখা পুরোনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা।’

প্রচার শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এদিন ৬৫ হাজারেরও বেশি মানুষ আল-সাইয়েদের নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৬০২ জন প্রথমবারের মতো তার প্রচারাভিযানে অনুদান দিলেন। প্রত্যেকে গড়ে ৩৬ ডলার ৭৪ সেন্ট করে দিয়েছেন।

এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সব কটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনে ভোট হচ্ছে। এখন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮ ও ডেমোক্র্যাটদের ২১৪ আসন রয়েছে। আর সিনেটে রিপাবলিকানদের আছে ৫৩ আসন, দুজন স্বতন্ত্র সিনেটরের সমর্থনসহ ডেমোক্র্যাটদের আছে ৪৫ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রতিনিধি পরিষদে ২১৮ আসন ও সিনেটে ৫১ আসন প্রয়োজন হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মূলত লড়াই হবে প্রতিনিধি পরিষদের প্রায় ৪০ আসনে এবং সিনেটে ১০ থেকে ১২টি আসনে।

এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর