Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথিদের গোপনে সহায়তা দিচ্ছে আমিরাত!

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

সৌদি আরবসমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের গোপনে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তে সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ইয়েমেনি বাহিনীগুলো হুথিদের সৌদি আরবসমর্থিত সরকারি বাহিনীর অবস্থান ও সামরিক গতিবিধি শনাক্ত করতে সহায়তা করছে। পাশাপাশি আমিরাত নিজেও সরাসরি হুথিদের গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। 

দুটি সূত্রের দাবি, আমিরাতের পক্ষ থেকেও সরাসরি গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাভিত্তিক হুথি কর্তৃপক্ষের সঙ্গে আমিরাত-ঘনিষ্ঠ সামরিক কমান্ডারদের যোগাযোগের চ্যানেল এখনো সক্রিয় রয়েছে।

অন্য একটি ইয়েমেনি সূত্র জানিয়েছে, হুথিদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে আমিরাত। তবে এই সহায়তা সৌদি আরবের অভ্যন্তরে হামলার জন্য নয়, বরং ইয়েমেনের ভেতরে সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রেই সীমাবদ্ধ। 

এদিকে আমিরাতের এমন গোপন তৎপরতার বিষয়ে যুক্তরাষ্ট্রও অবগত বলে দাবি করা হয়েছে।

ড্রপ সাইট নিউজ জানিয়েছে, ওয়াশিংটনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সম্প্রতি আমিরাতকে এ ধরনের সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আমিরাতও অভিযোগগুলোর বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ইয়েমেনের হুথি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি আমিরাতের সঙ্গে সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বিরোধের কারণে আমিরাতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোট গড়ে উঠেছে—বিষয়টি এমন নয়। বরং আমিরাত ইয়েমেন যুদ্ধে পুনরায় জড়াতে অস্বীকৃতি জানিয়েছে এবং নিরপেক্ষ থাকার অবস্থান বজায় রেখেছে।

প্রসঙ্গত, সৌদি আরব ও আমিরাত একসময় ইয়েমেন যুদ্ধে একই পক্ষের হয়ে লড়াই করলেও গত কয়েক বছরে দেশ দুটির স্বার্থের সংঘাত ক্রমেই স্পষ্ট হয়েছে। 

২০১৫ সালে হুথিদের রাজধানী সানা দখলের পর সৌদি আরব ও আমিরাত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক জোট গঠন করে। তবে পরবর্তী সময়ে ইয়েমেনের রাজনৈতিক ভবিষ্যৎ ও দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।

সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিলেও আমিরাত দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) প্রতি সমর্থন দিয়ে আসছে। গোষ্ঠীটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জন্য স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতার পক্ষে লড়াই করছে।

গত বছরের ডিসেম্বরে দুই দেশের বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়। সৌদি আরব ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার জন্য আমিরাতকে অভিযুক্ত করে। পরে ইয়েমেনের সরকারও দেশটি থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের দাবি জানায়। সৌদি আরব ওই দাবিকে সমর্থন করে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় আমিরাত।

সূত্র: ড্রপ সাইট নিউজ, টাইমস অব ইন্ডিয়া

 

এমএইচআর