আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।
আহতদের কাছের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন গভর্নর।
হামলার পর বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা ফার্স। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই সে আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছিল।
শিশুটি আরও জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ইট, পাথর ও সিমেন্টের টুকরা তার মুখ ও মাথায় আঘাত করে। আরও অনেকেই আহত হন। সেখানে উপস্থিত সবাই সাধারণ বেসামরিক মানুষ ছিলেন।
তবে ইরানের এ অভিযোগের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালিয়েছিল ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর জবাবেই নতুন হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার, সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন পেতে রাখার সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে এ হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর ফলে হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনাও আরও বেড়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘এ নিষ্ঠুরতাকে এর আগে ঘটে যাওয়া ধারাবাহিক নৃশংসতা থেকে আলাদা করে দেখা যায় না।’
আরও পড়ুন: ইরানকে নতুন প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
বাঘাই এর আগে যুদ্ধের প্রথম দিনে মিনাব ও লামার্দ শহরে চালানো মার্কিন-ইসরায়েলি হামলার কথাও উল্লেখ করেন। ইরানের দাবি, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। আর লামার্দের একটি ক্রীড়া কমপ্লেক্সে হামলায় অন্তত ২১ জন নিহত হন।
এদিকে কুহেস্তাক ছাড়াও ইরানের দক্ষিণাঞ্চলের কোনারাক, বান্দার আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়ে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করেছে। কুয়েতও জানিয়েছে, তারা আকাশে কয়েকটি ড্রোন প্রতিহত করেছে।
এমআই