Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশের নতুন সামরিক জোট সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং বাণিজ্যিক রুট সুরক্ষায় বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বুহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সামরিক বৈঠকের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটটির নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ ।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জোটের স্বাক্ষরকারী ১৪টি দেশ—বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদি আরব এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী দেশ হিসেবে এর স্থায়ী সদর দফতর বা প্রধান কার্যালয় হিসেবে কাজ করবে।

মন্ত্রণালয় বলেছে, এই জোটের লক্ষ্য হলো বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি করা, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা, আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত করা এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।

image

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জোটটি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার রিয়াদে ৫১টি দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি এবং একটি ইইউ প্রতিনিধিদল এতে অংশ নিয়েছিল, যাদের মধ্যে ১৪টি দেশ তাদের সমর্থন নিশ্চিত করেছে এবং বাকিরা এ বিষয়ে এখনো বিবেচনা করছে। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক নিরাপত্তা জোট এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে এটি গঠন করা হয়নি। ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও এই জোটে যোগ দেওয়ার পথ খোলা রাখা হয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো, যখন গত সপ্তাহে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ও দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার দায় স্বীকার করে। এর ফলে এই রুটে তীব্র নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন-ইরান অচলাবস্থার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রফতানি মূলত বন্ধ হয়ে যাওয়ার পর, এই সংকীর্ণ সামুদ্রিক পথটি আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ সৌদি অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, বাব এল-মান্দেব প্রণালি মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে বিশ্বের প্রায় ১০-১২ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়। এখানে যেকোনো বিশৃঙ্খলা বিশ্ববাজারে জ্বালানির দাম এক লাফে বাড়িয়ে দিতে পারে।

সূত্র: আলজাজিরা, গালফ নিউজ

এমএইচআর