Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হরমুজে হামলা করে ৫ বেসামরিক নাগরিক হত্যা করেছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৬, ০১:৪৯ পিএম

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন অভিযোগ করেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যেমনটা দাবি করছে যে, তারা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌকায় হামলা চালিয়েছে, বাস্তবে তা নয়; বরং যাত্রীবাহী ছোট নৌযানই ছিল লক্ষ্যবস্তু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই অভিযোগ সরাসরি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের বিপরীত। কুপার দাবি করেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী ছয়টি আইআরজিসি নৌযান ডুবিয়ে দিয়েছে। এসব নৌযান হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার মার্কিন অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছিল। পরে ট্রাম্প নৌকার সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন।

‘প্রজেক্ট ফ্রিডম’ নামে পরিচিত তথাকথিত এই মার্কিন অভিযান গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। এতে আবারো তুমুল যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জেগে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাতে জানায়, আইআরজিসি’র নৌযানে হামলার মার্কিন দাবির পর তেহরান তদন্ত শুরু করেছে।

তাদের ভাষ্য, আইআরজিসির কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি। বরং তদন্তে উঠে এসেছে, সোমবার ওমান উপকূলের খাসাব থেকে ইরানের উপকূলে যাচ্ছিল এমন যাত্রীবোঝাই দুটি ছোট নৌকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় নৌকা দুটি ধ্বংস হয় এবং পাঁচজন বেসামরিক যাত্রী নিহত হন বলে ওই কমান্ডার দাবি করেন। তিনি বলেন, এই ‘অপরাধের’ জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

এফএ