Dhaka Mail Logo

হেলথ

‘৩ বছরেই উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে’

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে বৃদ্ধি করে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কল্যাণ অফিস স্থাপন করা হবে। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। হাসপাতালগুলোতে চিকিৎসার পাশাপাশি রোগীদের খাবারের মানও বৃদ্ধি করা হবে। দেশের স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, হাম থেকে শিশুদের রক্ষায় প্রতি চার বছর পরপর প্রচারণা করার নির্দেশ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কিন্তু ২০২০ সালের পরে বাংলাদেশে কোনো হামের প্রচারণা করেনি ফ্যাস্টিট সরকার এমনকি হামের কোনো টিকা বা টাকাও রেখে যায়নি তারা। বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে ইউনিসেফ বারবার অনুরোধ করেছে শিশুদের হাম থেকে রক্ষায় দ্রুত সময়ের মধ্যে হামের ভ্যাকসিন ক্রয় করতে। কিন্তু ইউনূস সরকার বিশ্ব স্বাস্থ্যর কাছ থেকে হামের টিকা ক্রয় না করে খোলা বাজার থেকে ইজিপি টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনে ব্যর্থ হয়ে তারা সরকার থেকে বিদায় নিয়েছিলেন। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশব্যপী হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ইপিআই স্টকে হাত দিয়ে দেখলাম কোনো ভ্যাকসিন নেই। আমরা এসে হামের টিকার জন্য বিশ্ব দরবারে সহযোগিতা চেয়েছি।

মাদক নির্মূলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারি ও ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। এ দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তর থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অতীতে নির্বাচন এলেই থানার ওসি, ডিসিসহ নির্বাহী কর্মকর্তারা কোটি টাকার বরাদ্দ পেতেন। অনেক ক্ষেত্রে চাকরি হারানোর ভয় দেখিয়ে তাদের ওই বরাদ্দ গ্রহণে বাধ্য করা হতো। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান।

প্রতিনিধি/এফএ