বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে ল্যাবএইড হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে টানা চার দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ডের বৈঠক বসে। বৈঠক শেষে পরিবারকে জানানো হয়, তাঁর অবস্থা সংকটাপন্ন। এরপরই উন্নত চিকিৎসার আশায় তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাঁকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। সে সময় পরীক্ষা-নিরীক্ষায় তাঁর দুই ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। টানা ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফেরার পর আবারও অভিনয়ে সরব হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ষাটের দশকে ‘চেনামুখ’ নাটক লেখার মধ্য দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘আরণ্যক’। এই দলের হয়ে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’-এর মতো কালজয়ী মঞ্চনাটক উপহার দিয়েছেন তিনি।
মঞ্চ ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও সমানভাবে দ্যুতি ছড়িয়েছেন মামুনুর রশীদ। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘মনপুরা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
ইএইচ/