গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
এর আগে গত বছরের ৩০ এপ্রিল ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমান অবতরণের পরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখকার চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসের উভয় পাশে নিউমোনিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং রক্তে সংক্রমণ দেখা দিয়েছে। সে সময় টানা ছয় দিন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাসায় ফেরেন তিনি। দীর্ঘ ৯ মাস আমেরিকায় চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন এই অভিনেতা।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ষাটের দশকে ‘চেনামুখ’ নাটক লেখার মধ্য দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘আরণ্যক’। এই দলের হয়ে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’-এর মতো কালজয়ী মঞ্চনাটক উপহার দিয়েছেন তিনি।
মঞ্চ ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও সমানভাবে দ্যুতি ছড়িয়েছেন মামুনুর রশীদ। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘মনপুরা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
ইএইচ/




