বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বাংলা গানের জগতে কিছু কণ্ঠ আছে যাদের উপস্থিতি শুধু সুরে সীমাবদ্ধ নয়, ছুঁয়ে যায় মানুষের প্রেম, বিরহের ভাষাকে। তেমনই একজন সঞ্জীব চৌধুরী। তিনি একাধারে সাংবাদিক, গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী। তাঁর গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্র সন্তান’ কিংবা ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। শৈশব কেটেছে সেখানে। পরে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর ভর্তি হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটে। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় দ্বাদশ স্থান অর্জন করেন তিনি।
উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। একদিকে পড়াশোনা, অন্যদিকে গান ও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন।
অনেকেই তাঁকে চেনেন সংগীতশিল্পী হিসেবে। কিন্তু সঞ্জীবের কর্মজীবনের বড় একটি অংশজুড়ে ছিল সাংবাদিকতা। আশির দশকে সাংবাদিকতা শুরু করেন তিনি। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে। সর্বশেষ যায়যায়দিন পত্রিকায় ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন তিনি। তার সংগীতজীবনের শুরু ছাত্রাবস্থায়। ‘শঙ্খচিল’ নামের একটি গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে সংগীতজগতে পরিচিতি পান বাপ্পা মজুমদারের সঙ্গে পরিচয়ের পর।
১৯৯৬ সালে বাপ্পা মজুমদার ও কয়েকজন সংগীতপ্রেমীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। ব্যান্ডটির মাধ্যমে বাংলা গানে তৈরি করেন নিজস্ব একটি ধারা। ১৯৯৭ সালে প্রকাশিত হয় দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ্’। এরপর একে একে আসে ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।
সঞ্জীবের গানে উঠে আসত নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, হতাশা, সমাজের কথা। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘বায়োস্কোপ’, ‘গাড়ি চলে না’, ‘সমুদ্র সন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘কথা বলব না’, ‘স্বপ্নবাজি’ ও ‘সাদা ময়লা রঙ্গিলা পালে’।
বিশেষ করে ‘গাড়ি চলে না’ ও ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গানগুলোর মাধ্যমে লোকসংগীতকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শাহ আবদুল করিমের গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করে তরুণদের মধ্যে লোকগানের প্রতি আগ্রহ বাড়িয়েছিলেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর আকস্মিক অসুস্থ হয়ে পড়েন সঞ্জীব। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
তাঁর মৃত্যুর পরও দলছুট থেমে থাকেনি। বাপ্পা মজুমদার ও অন্য সদস্যরা ব্যান্ডটির কার্যক্রম চালিয়ে গেছেন। ২০১২ সালে প্রকাশিত হয় সঞ্জীবের স্মৃতির সঙ্গে যুক্ত অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। পরবর্তী সময়ে তাঁকে উৎসর্গ করে দলছুট প্রকাশ করে ‘সঞ্জীব’ নামের অ্যালবাম।
ইএইচ/