রাজধানীর দেওয়ালে সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের এক দেয়ালে জ্বলজ্বল করছেন হাস্যোজ্জ্বল চৌধুরী। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত দেয়ালটির নতুন রূপ দিতে আঁকা হয়েছে বিখ্যাত সব মানুষের প্রতিকৃতি। যেখানে শুরুতে সঞ্জীব চৌধুরী শোভা পেলেও মুছে ফেলা হয়েছে তাকে। ঘটনাটি কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা ও প্রতিবাদ। জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারও রয়েছেন এ দলে।
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি শিল্পকলার দেয়াল থেকে বাদ পড়ায় সোশ্যাল মিডিয়া যখন প্রতিবাদ্মুখর তখন নিজের ওয়ালে বাপ্পা মজুমদার লেখেন, “সঞ্জীব দা! দাদা গো! আপনার মতো আমিও বলি, ‘নো কমেন্ট’।”
আজ মঙ্গলবার ফের সরব হয়েছেন দলছুট প্রধান। লিখেছেন, ‘সঞ্জীব দা, আপনি মানুষের হৃদয়ে। ওটাই সবচেয়ে বড় স্থান।’ গায়কের পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সহমত পোষণ করেছেন।
এদিকে সঞ্জীব চধুরীর প্রতিকৃতি মোছা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘এখানে যারা আছেন, তাদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের একটা বিশাল ফারাক আছে। অনেকে এখানে বলেছেন কেন আইয়ুব বাচ্চু নেই, কেন আজম খান নেই। তরুণদের নিয়েও আমাদের ভাবনা আছে। তাদের প্রতিকৃতিগুলো আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় করার পরিকল্পনা রয়েছে।’
শুরুতে শিল্পকলার দেয়ালে আঁকা হয়েছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সঞ্জীব চৌধুরীসহ ১০ গুণীর প্রতিকৃতি। পরের ধাপে সেখানে রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের ছবি যুক্ত করার সময় বাদ পড়েন সঞ্জীব চৌধুরী।
আরআর




