বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
হলিউডে শোকের ছায়া। মারা গেছেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা অ্যান্থনি ক্লার্ক। নিউমোনিয়াজনিত জটিলতায় গত ১০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বুধবার (১১ নভেম্বর) বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনকে অ্যান্থনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার অভিনেতা মাইক ও’ম্যালি।
শোক বার্তায় তিনি বলেন, ‘অ্যান্থনি ছিলেন একেবারেই ব্যতিক্রমী একজন কৌতুক অভিনেতা। নিজের জীবনের গল্প ও চারপাশের নানা বিষয়কে এমনভাবে উপস্থাপন করতে পারতেন, যা দর্শকদের প্রাণ খুলে হাসাত। বন্ধুত্ব গড়ে ওঠার আগে অ্যান্থনির ভক্ত ছিলাম।’
২০০০ সালে সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। সিরিজটিতে জিন লুইসা কেলি ও লিজা স্নাইডারের সঙ্গে কাজ করেন।
ক্যারিয়ারের শুরুতে ১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়ং কমেডিয়ানস’ অনুষ্ঠানে অংশ নেন অ্যান্থনি। সেখানে গ্যারি শ্যান্ডলিং, ডেভ চ্যাপেল, ডেড অ্যাটেল ও লুই সি কে-এর মতো পরিচিত কমেডিয়ানদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। এরপর ১৯৯৭ সালে পিটার বোগডানোভিচ পরিচালিত ‘আ থিং কলড লাভ’ সিনেমায় অভিনয় করেন। এতে বিলি চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটিতে রিভার ফিনিক্স, সামান্থা ম্যাথিস, ডারমট মালরোনি ও সান্ড্রা বুলকের মতো তারকারাও অভিনয় করেছিলেন।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত কাজ করেছেন এই অভিনেতা। ‘বোস্টন কমন’ ও ‘সোল ম্যান’-এর মতো টেলিভিশন সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। ২০০৬ সালে ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর চতুর্থ সিজনের উপস্থাপক ছিলেন অ্যান্থনি ক্লার্ক।
দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও কৌতুকের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন তিনি। তার মৃত্যুতে বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।
ইএইচ/