ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছেন হলিউড অভিনেতা জেমস ভ্যান ডার বিক। মাত্র ৪৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাব অনটনে দিন কাটছে অভিনেতার পরিবারের।
এমন পরিস্থিতিতে জেমসের স্ত্রী ও ছয় সন্তাদের পাশে দাঁড়িয়েছেন তার বন্ধুরা। ‘ডসন্স ক্রিক’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর পর গঠিত তহবিলে ইতোমধ্যে ২ মিলিয়ন ডলারের (২০ কোটি টাকা) বেশি অর্থ সংগৃহীত হয়েছে।
জেমসের ঘনিষ্ঠ বন্ধু ও ডিজাইনার এরিন ফেদারস্টোন জানিয়েছেন, দীর্ঘদিন কোলোরেক্টাল ক্যানসারের সাথে লড়াইয়ের পর জেমসের প্রয়াণে তাঁর পরিবার বর্তমানে তীব্র অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। ছয় সন্তানকে নিয়ে একা হয়ে পড়া জেমসের স্ত্রী কিম্বার্লি যেন এই শোকের সময়ে কিছুটা সাহন পান, সেই লক্ষ্যেই এই অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেমসের পরিবারের জন্য তহবিল সংগ্রহে সাড়া দিয়ে হলিউড তারকারা বড় অংকের অনুদান দিয়েছেন। প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী একাই ২ লক্ষ ৫০ হাজার ডলার দান করেছেন। এছাড়াও জো সালদানা ও ডেরেক হাফের মতো তারকারাও হাজার হাজার ডলার দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
জেমসের পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানানো হয়েছে, এই কঠিন সময়ে সবার ভালোবাসা ও সমর্থন তাঁদের শক্তি জোগাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন জেমস। দীর্ঘ লড়াই শেষে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইএইচ/




