Dhaka Mail Logo

বিনোদন

শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শুটিং, বাকরুদ্ধ নেহাল!

বিনোদন প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসাত্মক নানা ঘটনায় নির্মিত ধারাবাহিকের সমাপ্তির খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকরা। আজ সোমবার পঞ্চম সিজনের শেষ পর্বের শেষ দিনের শুটিং চলছে। শেষবারের মতো নেহাল হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার কাছে বিষয়টি মেনে নেওয়াই কঠিন হয়ে পড়েছে। শেষবারের মতো শুটিংয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।

তৌসিফের কথায় স্পষ্ট, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি নাটক নয়, বরং তার কাছে এক আবেগের নাম। এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে আছে তার অভিনয়জীবনের একটি বিশেষ অধ্যায়। তাই নেহাল চরিত্রের পর্দার জীবন শেষ হওয়ার মুহূর্তটি তাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে।

শেষবারের মতো শুটিংয়ে যাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে লম্বা একটি নিঃশ্বাস নিয়ে ঢাকা মেইলকে অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে কিছুই বলার নেই। আমি স্তব্ধ হয়ে আছি। নেহালের একটা স্ক্রিন জীবন আছে, একটা পৃথিবী আছে। আমরা যতটুকু জানি, হতে পারে এটাই শেষ দেখা। এরপর কী হবে জানি না। এরপর শুধু অন্ধকার, ব্যাচেলর পয়েন্ট নেই, নেহাল নেই— এটা আসলে ভাবতেই পারছি না। আমি সত্যি ব্ল্যাঙ্ক। আমার মাথা একদম শূন্য হয়ে আছে।’

image

অনুভূতির গভীরতা বোঝাতে গিয়ে অভিনেতা আরও বলেন, ‘একটা মানুষ মারা গেলে বা কাছের কেউ মারা যাওয়ার খবর শোনার পর মানুষ যেমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, আজ সকালে ঘুম থেকে উঠে যখন রিয়ালাইজ করলাম শেষবারের মতো শুটিংয়ে যাচ্ছি, ঠিক ওরকম একটা অনুভূতি কাজ করছিল।’

একক নাটক কিংবা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক— সবখানেই দর্শকদের কাছ থেকে বাড়তি ভালোবাসা পেয়েছেন তৌসিফ। তার ভাষ্য, ‘আল্লাহর অশেষ রহমতে আমি সবসময় একটু বাড়তি ভালোবাসা পাই। পরিবার থেকে পাই, বন্ধুদের কাছ থেকেও পাই এবং আলহামদুলিল্লাহ ফ্যানদের কাছ থেকেও পাই। তবে এটা পাওয়ার জন্য আসলে বাড়তি পরিশ্রম করতে হয়। পরিবারের কাছে ভালো সন্তান হওয়া লাগে, বউয়ের কাছে ভালো জামাই হওয়া লাগে আর অভিনেতা হিসেবে কাজের প্রতি বিশ্বাস রেখে ভালো কাজ করা লাগে। চেষ্টা করি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। হয়তো এ কারণেই আজ ভক্তরাও তাদের সর্বোচ্চটা দিয়ে মন খারাপ করে বসে আছে।’

image

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে ধারাবাহিকটি পেয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। পঞ্চম সিজনে নেহাল চরিত্রে তৌসিফ মাহবুবের উপস্থিতিও দর্শকদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু।

নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। চলতি নভেম্বরে প্রকাশের কথা রয়েছে শেষ চ্যাপ্টারটির। তবে শেষ পর্বের গল্পে কী থাকছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইএইচ/