Dhaka Mail Logo

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৬ না দিলে যুদ্ধ হবে অমি ভাই, বলে দিলাম’

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনের হাস্যরস নিয়ে নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিংয়ের শেষ দিন আজ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে অমি লিখেছেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে! ব্যাচেলর পয়েন্ট কেবল একটি সিরিজ নয়, এটি আমার জীবনের একটি বড় অংশ, আমি ব্যাচেলর পয়েন্টে বাস করি।’

অমির এই পোস্টের মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রায় অর্ধ লাখ নেটিজেন স্যাড রিয়াক্ট (দুঃখ প্রকাশ) দিয়েছেন। পাশাপাশি পোস্টে ২০ হাজার লাইক এবং ৬ হাজারের মতো লাভ রিয়াক্ট পড়েছে।

মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার ৮

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হওয়ার ঘোষণার পরপরই সিজন ৬ নির্মাণের দাবি জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৬ না দিলে যুদ্ধ হবে ভাই, বলে দিলাম’ কেউ কেউ আবার সিজন ৫-এর পর্ব বাড়ানোর জন্য নির্মাতাকে বার্তা দিয়েছেন। অমির পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সিজন না বাড়িয়ে পর্ব চালিয়ে যান। যতদিন ব্যাচেলর পয়েন্টের ক্যারেক্টারগুলো বেঁচে থাকে।’ আরও একজন লিখেছেন, ‘জীবনে কোনো নাটক-সিনেমাসূত্রে মাথা ঘামাই নাই। তবে ব্যাচেলর পয়েন্ট হচ্ছে ভালোবাসার জায়গা। আরও ২-৩ টা সিজন কন্টিনিউ করেন।’

এদিকে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র আরিফিন (অভিনয়ে শামীম হাসান সরকার) লিখেছেন, ‘শুটিংয়ের শেষ দিন। হ্যাশট্যাগ ব্যাচেলর পয়েন্ট।’ এছাড়াও শুভর চাচাতো ভাই হালিম (মাশরুর ইনান) আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘কিছু সফরের কোনো সংজ্ঞা থাকে না। কিছু সফরের কোনো নির্দিষ্ট পরিধি থাকে না। কিন্তু আমরা এমন একটি পথ বেছে নিয়েছিলাম যার শেষ তো হতেই হতো। ব্যাচেলর পয়েন্ট দীর্ঘজীবী হোক। আল্লাহ এই দলের সবাইকে সুস্থ, ফিট এবং ভালো রাখুন, আমিন। শেষের সমাপ্তি এইমাত্র শুরু হলো! শুটিংয়ের শেষ দিন।’

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই জনপ্রিয় সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠুসহ একঝাঁক তারকা শিল্পী।

ইএইচ/