Dhaka Mail Logo

বিনোদন

‘সাইয়ারা’-এর পরিচালকের সঙ্গে প্রসেনজিৎপুত্র, তবে কি বলিউডে অভিষেক?  

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

গেল বছর খবর এসেছিল টলিউডের বড় এক প্রযোজনা সংস্থার মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের। তবে বছর ঘুরতে চললেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সে ছবির। এরইমধ্যে বুম্বাপুত্র যেন দিলেন বলিউডে অভিষেকের আভাস! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমার পরিচালক মোহিত সুরির সঙ্গে দেখা করেছেন তৃষাণজিৎ। সামাজিক মাধ্যমে সে খবর নিজেই দিয়েছেন। নির্মাতার সঙ্গে সেলফি প্রকাশ করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। ক্যাপশনে বাবাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘বাবার জন্যই মোহিত সুরি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। তারপর একটা ছোট্ট মিটিং করলাম আমরা। এর সব কৃতিত্বই আমার বাবার। বাবা তোমাকে খুব ভালোবাসি।’

তৃষাণজিতের সেলফি ছড়িয়ে পড়তেই কৌতূহলী নেটিজেনরা। তবে কি বলিউডে অভিষেক হতে যাচ্ছে প্রিয় তারকার ছেলের? প্রশ্ন জাগছে তাদের মনে। কেননা নতুনদের নিয়ে কাজ করতে জুড়ি নেই মোহিত সুরির। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে আহান পান্ডে ও অনিত পাড্ডাকে রাতারাতি তারকা বানিয়েছেন তিনি। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। 

গেল বছর স্নাতক সম্পন্ন করেছেন তৃষাণজিৎ। তবে শুরুতে অভিনয়ের ইচ্ছা ছিল না তার। মন ছিল ফুটবলে। যদিও সময়ের সঙ্গে পাল্টেছে পছন্দ। এরইমধ্যে অভিনয় করেছেন নাটকে। বাবার গানে রিল করতেও দেখা গেছে তাকে। এবার প্রিয় নায়কের পুত্রকে পর্দায় দেখতে আগ্রহী ভক্তরা। 

আরআর