বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
ফের শোকের ছায়া টলিউডে। সহকারী পরিচালক দীপঙ্কর সরকার আর নেই। তার হঠাৎ মৃত্যুতে হতবাক সবাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দীপঙ্করের পরিবার কলকাতার বাইরে থাকে। কাজের সূত্রে তিনি কলকাতায় থাকতেন। ঠিক কী কারণে এমন পরিণতি তা নিয়ে কৌতূহল বেড়েই চলছে। এরইমধ্যে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। দীপঙ্করের রহস্যমৃত্যুর পেছনে ব্যক্তিগত নাকি পেশাগত সমস্যা তা খতিয়ে দেখছে তারা।
টলিপাড়ার পরিচালক পথিকৃৎ বসুর সহকারী হিসেবে বেশকিছু কাজ করেছেন দীপঙ্কর। জিৎ অভিনীত এ পরিচালকের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতেও অ্যাসিস্ট করেছেন দীপঙ্কর। তার আচমকা মৃত্যুতে বাকরুদ্ধ পরিচালক।
স্তব্ধ দীপঙ্করের দীর্ঘদিনের বন্ধু পরিচালক শুভ্রজিৎ মিত্র। তার কথায়, ‘দীপঙ্কর ভীষণ ভালো মানুষ ছিলেন, এমন ভদ্র ছেলে খুব কম দেখা যায়’। দীপঙ্কর শেষ কাজ করেছেন ‘স্পর্ধা’ ছবিতে। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
আরআর