বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা সুজাত শিমুল। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিশিল্পী। সামাজিক মাধ্যমে বিয়ের খবর অভিনেতা নিজেই জানিয়েছেন।
নিজের ফেসবুকে অভিনেতা লেখেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে সাথে নিয়েই মুল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’
মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন সুজাত। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’
আরও বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’
গতকাল সোমবার বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য। বরেণ্য অভিনেতা, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ ছিলেন আরও অনেকে।
আরআর