Dhaka Mail Logo

বিনোদন

এপিএমএর নির্বাহী কমিটিতে প্রথম বাংলাদেশি হামিন আহমেদ 

বিনোদন ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য দেশগুলোর সংগীত নির্মাতাদের কণ্ঠস্বর, কপিরাইট ও নৈতিক-অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নীতিনির্ধারক পর্যায়ে তাদের স্বার্থরক্ষায় কাজ করে এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্স তথা এপিএমএ। ২০১৬ সালের নভেম্বরে চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।

এপিএমএরএর নির্বাহী কমিটিতে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধি থাকলেও ছিল না বাংলাদেশের। সে অভাব পূরণ হলো এবার। প্রথম বাংলাদেশি হিসেবে এপিএমএর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। তার পদ ও দায়িত্ব সম্পর্কে জানা যাবে আগামী ২৯ অক্টোবর। 

এপিএমএর নির্বাহী কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংগীতাঙ্গনে আমার ভূমিকা বিবেচনা করে এপিএমএ থেকে বলা হয়েছে এক্সিকিউটিভ কমিটির ইলেকশনে অংশ নিতে। ইলেকশনে অংশ নিয়ে আমি নির্বাচিত হয়েছি। ১১ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এই কিমিটিতে নির্বাচিত হলো। ২৯ অক্টোবর জানা যাবে আমি কোন পদে দায়িত্ব পালন করব। ২০টির বেশি দেশের প্রতিনিধিরা বর্তমানে এই প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছেন। এই ফোরামে বাংলাদেশের সংগীতাঙ্গনের কণ্ঠ ও দাবি যেন জোরালোভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

হামিন জানান, আন্তর্জাতিক এ সংগীতজোটে তার যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তার কথায়, ‘এর একটি দিক হলো, সিএমও হিসেবে বিএলসিপিএসের মাধ্যমে মেধাস্বত্ব সুরক্ষা ও রয়্যালটি আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখা। অন্যদিকে এশিয়া-প্যাসিফিকের একটি আঞ্চলিক সংস্থা হিসেবে এপিএমএ বিভিন্ন দেশের সংগীতস্রষ্টাদের মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময়ের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে তাঁদের জন্য আরও শক্তিশালী একটি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

আন্তর্জাতিক সংগীত জোটে বাংলাদেশি হিসেবে অবদান রাখতে যাওয়া হামিন আহমেদ দেশের ব্যান্ড সংগীতে অনেক আগে থেকেই সংগঠক হিসেবে ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি। একই পদে দায়িত্ব পালন করছেন  বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মারস সোসাইটিতে (বিএলসিপিএস)।

আরআর