Dhaka Mail Logo

বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার জন্য কত রুপি নিয়েছিল ঘাতকরা?

বিনোদন ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। হামলার ২৪ ঘণ্টার মধ্যে তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের অগ্রিম হিসেবে ৫০ হাজার রুপি দেওয়া হয়েছিল। এ ছাড়া, হামলাকারীদের মোটা অঙ্কের অর্থ এবং বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে তিনজন অস্ত্রধারী হামলা চালায়। এ ঘটনায় তার গাড়িচালক এবং একজন পথচারী আহত হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের ধরতে মাঠে নামে পুলিশ। অভিযানে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেন করে তাঁরা দিল্লি পালিয়ে যাচ্ছিল। সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহান ওরফে সুক্কা, মুম্বাইয়ের হৃতিক কুরমি ওরফে রোশন এবং হরিয়ানার একজন।

এর আগে পুলিশ জানিয়েছিল, হামলার নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত বিদেশে আত্মগোপনে থাকা গ্যাংস্টার অনিল পণ্ডিত। অনিল পণ্ডিতের নির্দেশে তাঁরা টাইগারের ওপর হামলা চালায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছে অনিল পণ্ডিত গ্যাং।

ইএইচ/