বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের উত্তরাখণ্ডের রাজনীতিতে দলবদল শুরু হয়েছে। ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক চুকিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়ক জুবিন নটিয়ালের বাবা রামশরণ নটিয়াল।
সোমবার (১৯ অক্টোবর) দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। কংগ্রেসের পক্ষ থেকে তাকে দলীয় ব্যাচ পরানোর একটি ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের চক্রাতা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন গায়কের বাবা।
বিজেপি ছাড়ার পর দলটির বিরুদ্ধে একগুচ্চছ অভিযোগ তুলেছেন রামশরণ নৌটিয়াল। দলত্যাগের কারণ নিয়ে বলেন, ‘আজ দেশে একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী সরকার বিরাজ করছে। শাসকদলে দীর্ঘদিন কাজ করার পরও সেখান থেকে আমাকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। আমার ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছিল না। সারা দেশে গণতন্ত্র হুমকির মুখে। নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রশ্ন উঠছে। রাহুল গান্ধী ক্রমাগত ভোট চুরির কথা বলে আসছেন, যা আজ অস্বীকার করার উপায় নেই।’
তিনি আরও যোগ করেন, ‘ইন্ডিয়া অ্যালায়েন্স গত কিছুদিন আগে দিল্লির নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়া অ্যালায়েন্সের সংসদ সদস্যরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও মাত্র দশ সদস্যের একটি প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, আর বাকি সাংসদদের বিজয় চকে আটকে দেওয়া হয়েছিল। দেশে আজ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।’
গত সেপ্টেম্বরের শেষ দিকে বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন উত্তরাখণ্ডের প্রবীণ নেতা ও দেরাদুনের সাবেক জেলা পঞ্চায়েত সভাপতি। এরপর থেকে তার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে রাজ্যজুড়ে নানা জল্পনা চলছিল। বিধানসভা ভোটের আগে দলবদল উত্তরাখণ্ডের রাজনৈতিক সমীকরণে বদলে দেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইএইচ/