Dhaka Mail Logo

বিনোদন

মামলা চলাকালীন কানাডা যাওয়ার অনুমতি মিলল রাজপালের 

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

চেক বাউন্স মামলায় রীতিমতো নাজেহাল বলিউড অভিনেতা রাজপাল যাদব। একাধিকবার জেল খেটেছেন, আদালতের ভর্ৎসনা হজম করেছেন। এবার বিদেশ যাওয়ার অনুমতি পেলেও কথা শুনতে হলো কোর্টের কাছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিনেমার শুটিংয়ের জন্য কানাডায় যেতে আদালতের অনুমতি চান রাজপাল। এ সময় তাকে পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন করতে অনুমতি দেওয়া হয়। সেইসঙ্গে রাজপালকে নিজের কাজের দিকে মন দেওয়ার এবং ঋণদাতাদের টাকা ফেরত দেওয়ার পরামর্শ দেন আদালত। শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি অভিনেতাকে বলেন, “যান, টাকা রোজগার করুন, ওঁদের টাকা ফেরত দিন।”

এরইমধ্যে আদালতের রেজিস্ট্রিতে ২ কোটি রুপি জমা দিয়েছেন রাজপাল। বিষয়টি উল্লেখ করে আদালত জানিয়েছেন, দুই পক্ষের বিবাদ মেটাতে একজন মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া হবে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সমস্যা মেটাতে আগ্রহী আদালত। 

গেল ফেব্রুয়ারিতে চেক বাউন্স মামলায় গ্রেফতার হন রাজপাল। সে সময় ১১ দিন কারাবাসের পর দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন তাকে। সেইসঙ্গে বেঁধে দেওয়া হয় কিছু শর্ত। গেল জুলাইয়ে উচ্চ আদালত রাজপালকে ৩ মাসের কারাবাস দেন। সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে এই শর্তের মুখোমুখি হতে হয় অভিনেতাকে। এবার বিদেশযাত্রার অনুমতি পেলেন অভিনেতা।

আরআর