রুপালি পর্দায় রাজপাল যাদবের উপস্থিতিতে দর্শকমহলে হাসির রোল পড়ে যায়। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন দিনে পাশে থাকেননি কেউ। মাত্র ২০ বছর বয়সে প্রথমবার বাবা হন। কিন্তু ভাগ্যের ফেরে মারা যান তার স্ত্রী।
স্ত্রীকে পরিবারের কাছে রেখে দূরের একটি শহরে কাপড় সেলাইয়ের চাকরি করতেন তিনি। ঘরে ছেড়ে যাওয়ার সময় সহধর্মিণীকে কথা দিয়েছিলেন সন্তান হলে বাড়ি ফিরবেন। রাজপাল বাড়ি ফিরেছিলেন ঠিকই, কিন্তু স্ত্রীকে জীবিত দেখতে পারেননি। তরুণ বয়সে স্ত্রীকে হারিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে শুরু হয় নতুন লড়াই। আজ কোটি ভক্তের ভালোবাসা পেলেও, জীবনের সেই ক্ষত আজও মুছে যায়নি।

১৯৭১ সালে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন অভিনেতা রাজপাল। ছোটবেলায় স্বপ্ন দেখতেন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন। তবে বাঁধা হয়ে দাঁড়ায় উচ্চতা। আর্থিক অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। জীবিকার তাগিদে কাপড়ের কারখানায় কাজ করতেন।
সালটা ১৯৯১। সেই সময় প্রথম স্ত্রীকে হারান রাজপাল। স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর অভিনেতা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখানেই রাজপালের অভিনয় যাত্রার সূচনা হয়। দীর্ঘ তেরো বছর পর রাম গোপাল ভার্মার ‘জঙ্গল’ ছবিতে অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রথম স্ত্রীর মৃত্যুর ১১ বছরের মাথায় ২০০২ সালে কানাডায় একটি সিনেমার শুটিংয়ের সময় অভিনেতার দ্বিতীয় স্ত্রী রাধার সঙ্গে প্রথম আলাপ হয়। মাত্র এক বছরের মধ্যে প্রেমের সম্পর্কের পরিণয় ঘটে। ২০০৩ সালে সাতপাকে বাঁধা পড়েন রাধা ও রাজপাল।
দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’, ‘ঢোল’, ‘চুপ চুপ কে’, ‘হেরা-ফেরি’। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল। হরর-কমেডি সিনেমা 'ছোটে পণ্ডিত' চরিত্রে অভিনয় সিনেমাপ্রেমীদের মনে এখনও তাজা হয়ে আছে।

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন রাজপাল। ছবিটি নির্মাণের জন্য তিনি মেসার্স মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। সুদ, জরিমানা ও বিলম্বের কারণে সময়ের সঙ্গে সেই ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৯ কোটি। চেক বাউন্স মামলায় চলতি মাসে দিল্লির আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি তিহার জেলে সাজা ভোগ করছেন।
ইএইচ/




