বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম
পাঁচ দশক হলো অভিনয় করছেন আজিজুল হাকিম। মঞ্চ দিয়ে শুরু। পরে নাটক-সিনেমা-ওটিটিতে মুগ্ধতা ছড়িয়েছেন। এবার পঞ্চাশ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা বইবন্দি করতে যাচ্ছেন অভিনেতা। জানিয়েছেন বইটি নিয়ে আলোচনা চলছে প্রকাশনী সংস্থার সঙ্গে।
মঞ্চে আজিজুল হাকিমের পথচলা নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে। থিয়েটারকে নিজের আঁতুড়ঘর হিসেবে দেখেন তিনি। অভিনেতা বলেন, ‘মামুনুর রশীদের হাত ধরে আমার নাট্যজীবনের পথচলা শুরু। মঞ্চ আমাকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছে। একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যিই সম্মানের।’

পাঁচ দশকের পথচলা নিয়েও কথা বলেছেন অভিনেতা। তার ভাষায়, ‘৫০ বছর অনেক দীর্ঘ সময়। এই পথচলায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মঞ্চে অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সব ক্ষেত্রই উঠে আসবে এই বইয়ে। এর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। যেহেতু বই বারবার প্রকাশ করা যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে চাই।’
আজিজুল হাকিম মঞ্চে নাম লেখান ১৯৭৭ সালে। পথচলা শুরু হয় মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের মাধ্যমে। টিভি নাটকে যুক্ত হন ১৯৮১ সালে। ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে দৃশ্যমাধ্যমে অভিষেক তার। আজিজুল হাকিম টিভি নাটকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘তবুও তো সে’ নাটকে। আর পেছনে তাকাতে হয়নি। সাফল্যের হাত ধরে উঠেছেন জনপ্রিয়তার চূড়ায়।
আরআর