Dhaka Mail Logo

বিনোদন

তিশা কি আসলেই কনকচাঁপার মেয়ে, যা বললেন সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

বাংলা গানের আকাশের উজ্জ্বল নক্ষত্র কনকচাঁপার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার চেহারগত বেশ মিল। তাই অনেকেই অভিনেত্রীকে গায়িকার মেয়ে হিসেবে ভাবেন। কিন্তু তিশা যে তার মেয়ে নন মঙ্গলবার এক স্ট্যাটাসে তা জানিয়েছেন কনকচাঁপা নিজেই।

কনকচাঁপা লিখেছেন, “তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে। মায়ের মতো শ্রদ্ধা করে। ছবিটি অনেকদিন আগে আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা। আমি মনে মনে ভাবছিলাম তিশার সঙ্গে ছবি তুলি ঠিক সেই মুহুর্তেই তিশা বললো, ‘মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে। সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কী ডাকি বলো?” 

গায়িকা আরও বলেন, ‘যাইহোক সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে, যার নাম ফারিয়া ইসলাম খান। তবে তিশাকে মেয়ের মতো ভালোবাসি। এবার নিশ্চয় আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ-শাবনূরের ‘তুমি আমার’ ছবিতে কণ্ঠ দেওয়ার পর প্লেব্যাকে নিয়মিত হন কনকচাঁপা। নব্বইয়ের দশকের একাধিক সিনেমায় মনির খান, খালেদ হাসান মিলু, আইয়ুব বাচ্চু, আসিফ, বিল্পব, আগুন, তপন চৌধুরীসহ আরও অনেকে সংগীতশিল্পীর সঙ্গে যৌথভাবে গান করেছেন।  

‘তুমি আমার’ ও ‘মহামিলন’ ছবির গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘তোমাকে চাই’,‘আনন্দ অশ্রু’,‘ভালোবাসি তোমাকে’,‘বিয়ের ফুল’,‘কাজের মেয়ে’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’,‘প্রেমের তাজমহল’-এর মতো জনপ্রিয় ছবির গানে কণ্ঠ দেন কনকচাঁপা। 

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সংগীতের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত কনকচাঁপা।

ইএইচ/