বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম
পেশাজীবনের পাশাপাশি সঞ্জয় দত্তের ব্যক্তিজীবনও বৈচিত্র্যময়। মুখেও লাগাম কম। এ কারণে বিভিন্ন সময় আলোচনার টেবিলে নাম উঠেছে তার। এবার ফের বিস্ফোরক মন্তব্য খলনায়কের। জানালেন ভারতে আর শান্তি অনুভব করেন না তিনি।
তবে সঞ্জু বাবুর এমন মন্তব্য ভালোভাবে নেননি নেটিজেনরা। শুরু হয়েছে সমালোচনা। এক প্রকার বিপাকেই অভিনেতা। পরিস্থিতি স্বাভাবিক করতে এরইমধ্যে সামাজিক মাধ্যমে দিয়েছেন বিবৃতি। জানিয়েছেন তার কথার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে সঞ্জয় জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান কিংবা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। অভিনেতা লেখেন, “কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।”
অভিনেতা জানান মন্তব্যটি সাজানো ছবি। চিত্রনাট্য আগেই করা ছিল। সেটিকে হালকা মেজাজে, রসিকতার ছলে উপস্থাপন করাই উদ্দেশ্য ছিল। অভিনেতার কথায়, “আমার মন্তব্য একটি ‘স্ক্রিপ্টেড’ কথোপকথনের প্রেক্ষিতে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হালকা মেজাজ ও হাস্যরস তৈরি করা।”

সম্প্রতি অভিনেতা শেখর সুমনের টক শো ‘শেখর টু নাইট’-এ হাজির হয়েছিলেন সঞ্জয়। গান্ধী জয়ন্তী স্পেশাল পর্বের অতিথি ছিলেন মুন্না ভাই। সেখানে খোলামেলা মন্তব্য করেন বিভিন্ন বিষয়ে।
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালোবাসাময়, এখানে শান্তি থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, আমাদের দেশে আগের মতো সেই শান্তি আর অনুভব করতে পারি না। ভারতীয়দের হৃদয় বড় এবং আমরা অতিথিপরায়ণ। প্রার্থনা করি যেন সেই পুরোনো শান্তিময় দিনগুলো শিগগির ফিরে আসে।’ এরপর থেকেই সমালোচনার শুরু।
আরআর