বলিউড চলচ্চিত্রে স্বজনপ্রীতি নতুন কিছু না। ভারতীয় সিনেমার বিপ্লবের পর ইন্ডাস্ট্রিতে রীতি হয়ে উঠেছে তারকার ছেলে বা মেয়েরা বলিউডের হাল ধরবে। কাপুর পরিবারের সদস্যরা গত একশো বছর ধরে বলিউড সিনেমার সঙ্গে জড়িত। তবে উল্টো পথে হেঁটেছেন সঞ্জয় দত্ত।
বলিউডের প্রখ্যাত অভিনয়শিল্পী দম্পতি সুনীল দত্ত ও নার্গিস দত্তের সন্তান সঞ্জয় দত্ত। তবে অভিনেতার বড় মেয়ে ত্রিশলা দত্তকে তিনি বলিউড তারকা হিসেবে দেখতে চাননি। মেয়ে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিলে পা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন এই অভিনেতা। কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেরে পা ভেঙে খোঁড়া করে দেব, যদি আমার মেয়ে (ত্রিশলা দত্ত) অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়।’

প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, ‘আমার মনে হয়, ত্রিশলা তাঁর ক্যারিয়ার নিয়ে বেশ ভালোভাবে এগোচ্ছে। অভিনয় জগতে এসে কী করবে? তাছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে হলে ভাষা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।’
ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি তাতেই নিশ্চিন্ত। যথেষ্ট ভালো ক্যারিয়ার ওর।’
ত্রিশলা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মানসিক রোগের চিকিৎসক হিসেবে কাজ করছেন।
ইএইচ/




