পেশাজীবনের পাশাপাশি সঞ্জয় দত্তের ব্যক্তিজীবনও বৈচিত্র্যময়। মুখেও লাগাম কম। এ কারণে বিভিন্ন সময় আলোচনার টেবিলে নাম উঠেছে তার। এবার ফের বিস্ফোরক মন্তব্য খলনায়কের। জানালেন ভারতে আর শান্তি অনুভব করেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অভিনেতা শেখর সুমনের টক শো ‘শেখর টু নাইট’-এ হাজির হয়েছিলেন সঞ্জয়। গান্ধী জয়ন্তী স্পেশাল পর্বের অতিথি ছিলেন মুন্না ভাই। সেখানে খোলামেলা মন্তব্য করেছেন বিভিন্ন বিষয়ে।

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সঞ্জয় বলেন, ‘আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালোবাসাময়, এখানে শান্তি থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, আমাদের দেশে আগের মতো সেই শান্তি আর অনুভব করতে পারি না। ভারতীয়দের হৃদয় বড় এবং আমরা অতিথিপরায়ণ। প্রার্থনা করি যেন সেই পুরোনো শান্তিময় দিনগুলো শিগগির ফিরে আসে।’
টক শোয়ে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন তিনি? জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রী হয়ে উদ্যাপন করার জন্য আমি বিদেশে ঘুরে বেড়াব না, দেশের মানুষের মাঝে থাকব। না হলে প্রধানমন্ত্রী আর আমজনতার কানেকশন কীভাবে তৈরি হবে?’

সেইসঙ্গে প্রস্তাব দেন সরকারি দেওয়াল থেকে প্রধানমন্ত্রীর ছবি কম করে গান্ধীজির নীতি ও ছবি লাগানো উচিত। এরপরই আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে। মজার ছলে তাকে মামু বলে সম্বোধন করেন অভিনেতা।
আরআর




