Dhaka Mail Logo

বিনোদন

ঘর ভাঙছে প্রীতম-শেহতাজের

বিনোদন ডেস্ক

০৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

বিয়ের চার বছরের মাথায় ঘর ভাঙছে জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের। সামাজিক মাধ্যমে খবরটি প্রীতম-শেহতাজ নিজেরাই নিশ্চিত করেছেন। 

আজ শনিবার রাত দশটা ৪০ এর দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে  প্রীতম লেখেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

প্রীতমের কথায়, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে।’

সবশেষে তিনি লেখেন, ‘সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

এদিকে একই বিবতি শেহতাজও নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। 

২০২২ সালের ২৮ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম ও শেহতাজ। এর প্রায় পাঁচ বছর আগে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। সেই কাজের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। এরপর পরিণয়।