Dhaka Mail Logo

বিনোদন

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, যা বললেন বিশাল দাদলানি

বিনোদন ডেস্ক

০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রদত্যাগের পর এবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি মুম্বাইয়ে বিশাল প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল দাদলানি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নির্বাচন কমিশনারের অপসরণের আন্দোলনে সমর্থন জানান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জোরে বলো গো জ্ঞানু গো, মিলে বলো গো জ্ঞানু গো, সাবাই বলো গো জ্ঞানু গো।’

ভিডিওতে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে বিশাল বলেন, ‘জ্ঞানেশ কুমারজি, আপনি আমাদের দেশের গণতন্ত্রের সঙ্গে এবং নির্বাচন ব্যবস্থার সঙ্গে ছিনিমিনি খেলেছেন। আপনাকে যেতেই হবে।’

বিকেল চারটায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার কথা জানান তিনি। দেশের স্বার্থে সবাইকে বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন এই সংগীত পরিচালক।

ভিডিওর শেষে তিনি বলেন, ‘সবাই আসবেন, দেশের আপনাকে প্রয়োজন। আমরা হাসব, মজা করব এবং অনেক ভালোবাসার সঙ্গে জ্ঞানুকে বিদায় জানাব। জয় হিন্দ।’

নির্বাচন কমিশনের ভেতরকার বিরোধ খবর প্রকাশের পরই সিজেপি প্রতিবাদের ডাক দিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাসহ সিজেপির অন্যান্য সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন স্থগিত করা এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানানো হয়েছিল। তবে নির্বাচন কমিশন প্রস্তাবগুলো নাকচ করে দেয়।

ভারতীয় সংবাদ জানিয়েছে, মুম্বাইয়ের মেরিন ড্রাইভে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার অবস্থায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে থানায় নিয়ে রাজ্য পুলিশ। তবে মুম্বাই পুলিশের দাবি, দীপকেকে আটক করা হয়নি। মেরিন ড্রাইভে তিনি পুলিশকর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং তাঁদের নানা প্রশ্ন করছিলেন। সেই প্রেক্ষিতে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। 

পুলিশ তাঁকে আটক করার কথা অস্বীকার করলে দীপক গণমাধ্যমকে বলেন, ‘এক নারী পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয়।’

ইএইচ/