বিনোদন ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসা পেতেই মাঝপথে আরটিভির শিশু-কিশোরদের মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার’ সিজন-২-এর বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তাঁর এমন আকস্মিক সিদ্ধান্তে জটিলতায় পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
আয়োজকদের সূত্রে জানা গেছে, চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি প্রোমো শুট, পোস্টার শুট ও প্রাথমিক বাছাই পর্বসহ সব কার্যক্রমে শুরু থেকে সক্রিয় ছিলেন লুইপা। গত ২৭ সেপ্টেম্বর বেঙ্গল স্টুডিওতে অডিশন পর্বের শুটিং শেষে তিনি জানান, তাঁর মার্কিন ভিসা মিলেছে। পরদিনই দেশটিতে পাড়ি জমাবেন তিনি। ফলে পরবর্তী পর্বগুলোতে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না।

সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য আয়োজকরা অনুরোধ জানালেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এই শিল্পী। শিডিউল ফাঁসানোর কারণে প্রতিযোগী শিশু-কিশোর, অভিভাবক এবং স্পন্সরদের নিয়ে বিপাকে পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে শিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কিছুটা তো সমস্যা হবেই আয়োজনে। এর সঙ্গে অনেক মানুষের পরিকল্পনা ও প্রস্তুতি জড়িয়ে থাকে। কোনো কমিটমেন্ট সুনির্দিষ্ট কারণ ছাড়া ভাঙা উচিত নয়। হয়তো তাঁরও অন্যজায়গায় কমিটমেন্ট ছিল। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত থাকলে আরটিভি কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা উচিত ছিল।’

এদিকে লুইপার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রিয়েলিটি শোটির চালু রাখতে নতুন কোনো বিচারক যুক্ত করা হবে কি না কিংবা শুটিংয়ের সূচিতে কোনো পরিবর্তন আসবে, সে বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে আরটিভি কর্তৃপক্ষ।
২০১০ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’-এ চতুর্থ স্থান অর্জন করেন এই শিল্পী। শৈশবে ‘নতুন কুঁড়ি’ ও ‘শাপলা কুঁড়ি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১৫ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’ প্রকাশিত হয়, যা শ্রোতাদের মাঝে বেশ পরিচিতি এনে দেয়। এর সুবাদে তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং মেরিল-প্রথম আলো মনোনয়নসহ বেশ কিছু সম্মাননা লাভ করেন। এরপর তিনি রায়হান রাফীর ‘পরাণ’ (২০২২) সিনেমার ‘ধীরে ধীরে’ গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাকে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।
ইএইচ/