বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চালকের বিরুদ্ধে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ শ্রিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

চালকের বিরুদ্ধে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ শ্রিয়ার

রাইড শেয়ারিং গাড়ি চালকের বিরুদ্ধে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ গায়িকা-গীতিকার শ্রিয়া রাওয়ের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হেনস্তার কথা নিজেই জানিয়েছেন।

শ্রিয়ার অভিযোগ, অ্যাপের গাড়িটিতে ওঠার পর থেকে চালকের আচরণ তাঁর কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। গাড়িতে ওঠার পর থেকে চালক বারবার তাঁর পায়ের দিকে তাকাচ্ছিলেন। পরে গাড়ির গতি কমানোর কথা বললে চালক তাঁকে গালিগালাজ করেন।

ঘটনার বিবরণ দিয়ে তিনি লেখেন, ‘এক রাইড শেয়ারিং গাড়ি চালকের সঙ্গে আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হলো। গাড়িতে ওঠার সময়ে চালক প্রথমে আমার মুখের দিকে তাকান। এর পর থেকে তিনি বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছিলেন। এতে বেশ অস্বস্তি বোধ করছিলাম। সেই মুহূর্তে নিজেকে খুবই অনিরাপদ মনে হচ্ছিল।’

পরিস্থিতি আরও জটিল হয় যখন শ্রিয়া চালককে গাড়ির গতি কিছুটা কমাতে অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, গতি কমানোর কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই চালক। গালিগালাজের পাশাপাশি তিনি আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করেন।

শ্রিয়া লেখেন, ‘সেই মুহূর্তে আমি শুধু শান্ত থাকার চেষ্টা করছিলাম। এমন কিছু করতে চাইনি, যাতে চালক আরও রেগে যান। তা ছাড়া আমি আর কী-ই বা করতাম? চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়তাম?’

গাড়ি থেকে নামার পরও হেনস্তা থামেনি বলে অভিযোগ করেন শ্রিয়া। তাঁর দাবি, গাড়ি থেকে নামার সময়ও চালক বারবার তাঁর দিকে কুৎসিত নজরে তাকাচ্ছিলেন। 

এই ঘটনার পর সংশ্লিষ্ট ক্যাব কর্তৃপক্ষের কাছে ওই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রিয়া। গায়িকার ভাষ্য, ‘ওই ব্যক্তি যাতে আর কোনো নারী যাত্রীর সমস্যার কারণ হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা প্রয়োজন।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর