Dhaka Mail Logo

বিনোদন

পরীমণির জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ 

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

গেল মাসে নিজের করা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় জেরার মুখোমুখি হননি পরীমণি। যানজটের কারণে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় সেদিন আদালতে জেরা হয়নি তার। এবার পা ব্যাথার কারণে নিজের বিরুদ্ধে করা মাদক মামলায় হাজিরা দিলেন না অভিনেত্রী। 
ফলে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

পরীমণির আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

এদিকে আজ মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অভিনেত্রীর পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি পেছানোর আবেদন করে বলেন, পরীমণি কিছুদিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।

তবে শুনানি পেছানোর আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পরীমণির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন। তিনি বলেন, ‘মামলাটি অভিযোগ গঠনের জন্য রয়েছে। তবে এ আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছেন, যা গ্রহণযোগ্য নয়। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করছি।’

২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

পরদিন গত ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন৷ তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর চলতি বছরের ৫ জানুয়ারি আদালত পরীমণিসহ তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল।

আরআর