Dhaka Mail Logo

বিনোদন

শাহরুখ-কাজলের ছবির কারণে আন্ডারওয়ার্ল্ডের হুমকি, দেশ ছাড়তে হয় করণকে

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক করণ জোহর। ১৯৯৮ সালে শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জিকে নিয়ে নির্মাণ করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। তবে মুক্তির আগে আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল তাঁর পরিবারকে।

পরিচালকের আত্মজীবনী এবং একাধিক সাক্ষাৎকার অনুযায়ী, ছবি মুক্তির আগে আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেম করণ জোহরকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। ছবি মুক্তি পেলে তাঁকে গুলি করে মারা হবে বলে জানানো হয়। হুমকির উদ্দেশ্য ছিল সিনেমাটির মুক্তি আটকে দেওয়া। সেই সময়ে আন্ডারওয়ার্ল্ডের হুমকি প্রযোজক-পরিচালকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছিল।

image

এই ঘটনার পর করণের মা হিরু জোহর আতঙ্কিত হয়ে পড়েন। জীবন বাঁচাতে পরিবারকে নিয়ে লন্ডনে পাড়ি জমান নির্মাতা। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে করণ এক সাক্ষাৎকারে বলেন, ‘আন্ডারওয়ার্ল্ড সদস্যরা  প্রযোজক-পরিচালকদের হুমকি দিচ্ছিল। সেই সময় পুরো বিষয়টি ভীষণ ভীতিকর হয়ে উঠেছিল। সিনেমা মুক্তির আগে একটি ফোন আসে। আমাকে আমার বাবা ও মাকে নিয়ে দেশ ছেড়ে লন্ডনে যেতে হয়েছিল, যাতে মুম্বাই থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারি।’

দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেওয়ার কারণে সরাসরি ছবির বক্স অফিসের খবর  জানার উপায় ছিল না। সিনেমা সম্পর্কে জানতে বুথ থেকে পরিচালক আদিত্য চোপড়াকে ফোন করতেন করণ। 

করণ জোহরের জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'কুছ কুছ হোতা হ্যায়' (১৯৯৮), 'কভি খুশি কভি গম' (২০০১), 'মাই নেম ইজ খান' (২০১০) এবং 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (২০২৩)।

ইএইচ/