বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারে শোকাহত নেটিজেনরা। নিখোঁজ সংবাদের পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন সবাই। মৃত্যুর সংবাদে অনেকের ক্ষোভের বাঁধ ভেঙ্গেছে। সে তালিকায় আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
আজ শনিবার নিজের ফেসবুকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর একটি পোস্ট দেন ইরফান। সেখানে ক্ষোভ প্রকাশ করেন। শুরুতেই শোক প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন।’
এরপর লেখেন, ‘সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না।। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না সে দেশ জীবনেও নিরাপদ হবে না।’
সবশেষে ক্ষুব্ধ ইরফানের পরামর্শ, ‘যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুরবেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’
গতকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকে পোস্ট দিয়ে ছেলের নিখোঁজের কথা জানান। ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়েছিলেন তিনি। আজ শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
আরআর