Dhaka Mail Logo

বিনোদন

দ্বিতীয়বার বাবা হওয়ার আগে বড় পদক্ষেপ রণবীরের  

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

বছরটি যেন বলিউড সুপারস্টার রণবীর সিং ও দীপিকা পাডুকোনের। ব্লকবাস্টার সিনেমা দিয়ে বছর শুরু করেছিলেন অভিনেতা। এবার তাদের ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান। খুশির আবহে গণেশ চতুর্থীর উপলক্ষ্যে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার দরবারে হাজিরা হয়েছিলেন রণবীর। বাপ্পার আশীর্বাদ নেওয়ার পাশাপাশি এক হাজার মেয়ের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাধারণ সাদা কুর্তা পরে মুম্বইয়ের ঐতিহ্যমণ্ডিত লালবাগচা রাজা প্যান্ডেলে পৌঁছান রণবীর। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকে পুজো দেন। দর্শন শেষে সংবাদমাধ্যমকে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

রণবীর বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগে। গত বছর বাপ্পার দয়ায় আমার ও পরিবারে সব আনন্দে ভরা ছিল। তাই এবারও এসেছি তাঁর দর্শন করতে। তাঁকে ধন্যবাদ জানাতে, আশীর্বাদ নিতে। যাতে ভবিষ্যতেও আনন্দ অব্যাহত থাকে। তাঁর দয়া আমাদের উপর থাকে।’

গণেশ চতুর্থী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রণবীর যুক্ত হয়েছেন বিশেষ সেবা সংকল্প অভিযানে।  অভিযানের অংশ হিসেবে তিনি ১ হাজার মেয়ের পড়াশোনার সমস্ত খরচ বহন করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘গণেশ চতুর্থীর শুভ দিনে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এ যোগ দিয়ে ১ হাজার মেয়ের পড়াশুনায় সহায়তা করার সংকল্প নিচ্ছি। আশা করি, বাপ্পা খুশি হবেন এবং তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকবে।’

২০২৪ সালে দীপিকা-রণবীর দম্পতি ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নিয়েছিল। চলতি বছরের এপ্রিলে তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকা জুটি। 

ইএইচ/