বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন। এবার সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে মন্ত্রীদের সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ছবি তোলাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জয়।
জয় লিখেছেন, ‘মাননীয় তথ্য মন্ত্রীর সাথে নায়িকা দিঘী ছবি তুলতে গেলেন। তথ্যমন্ত্রী হাসিমুখে তাড়াহুড়া করে আরেকটা কাজ আছে বলে দ্রুত জায়গা ছাড়লেন। দিঘির চোখে মুখে একটু বিব্রত হওয়ার ভাব। তবে সম্ভবত ফ্যাশন ডিজাইনার গৌতমের কারণেই দিঘির ছবি তুলতে যাওয়া। কত মানুষ দিঘির সাথে ছবি তোলার জন্য অস্থির। অথচ তরুণ এবং হ্যান্ডসাম তথ্যমন্ত্রীর ভেতর কোনো অস্থিরতাই ছিল না নায়িকার সাথে ছবি তোলার বিষয়ে। অবশ্য তাড়াহুড়া করে কোনো মতে ছবি তোলাটা উনি সম্পন্ন করেছেন। সৌজন্যবোধ রেখেছেন। কিন্তু উৎসাহটা ছিল না। হয়তো আমি একটু বেশি নিখুঁতভাবে খেয়াল করেছি বলে এমন মনে হতে পারে। আমার ভুল ও হতে পারে। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কাউকে অপমান করা বা হওয়াকে আমি হাইলাইট করছি না।’
শিল্পীদের উদ্দেশ্য করে অভিনেতা যোগ করেন, ‘স্পষ্ট দুটি মেসেজ আমরা পেয়ে গেছি। তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রী গতকাল চলচ্চিত্র পরিচালক দিবসে সকলে একসাথে উপস্থিত হয়ে সামগ্রিকভাবে চলচ্চিত্রের জন্য সুবার্তা দিলেন। সকল মতের প্রতিভাবান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করার বা কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। পাশাপাশি মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারনে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুই ভয়াবহ। কাজটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরা এসে আমাদের সঙ্গে ছবি তুলবেন। যেমন ববিতা ম্যাডামের সাথে ছবি তুলেছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এমনকি সাবিনা ইয়াসমিনকে যথার্থ মূল্যায়ন করেছেন গতকালের অনুষ্ঠানে উপস্থিত তিনজন মন্ত্রী।’
সবশেষ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে জয় লেখেন, ‘যাই হোক আমি যেটা বলার জন্য লেখা শুরু করেছিলাম চলচ্চিত্র পরিচালক সমিতি অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়ে গতকাল সরকারের ঊর্ধ্বতন তিনজন মন্ত্রী উপদেষ্টাকে একত্রিত করে এবং আমাদের অঙ্গনের গুণীজনদের একত্রিত করে প্রথম ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটি পদক্ষেপ নিলেন। যেই পদক্ষেপটা অন্যেরা নিতে পারেননি। সিনেমার হাল ধরেন পরিচালকরা। আমি সমিতির প্রত্যেক সদস্য কে অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই আমাদের সবার প্রিয় ফরিদুর রেজা সাগর ভাইকে। চলচ্চিত্রের জন্য আপনি বটবৃক্ষ। আপনি আমাদেরকে আরও এগিয়ে দেন। আমাদের ইন্ডাস্ট্রিকে পেছন থেকে ধাক্কা দেন। যেমন ধাক্কা দিয়ে আসছেন গত তিন দশক। আপনি চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক। নেপথের নায়ক।’
ইএইচ/