বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
সামাজিক মাধ্যমে রটেছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। এ গুজব ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ গায়িকার কন্যা তানি লায়লা। সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।
তানির দাবি তার মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ। ফেসবুকে তিনি লিখেছেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ট হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এসব বাজে কাজ বন্ধ করে।’
তানির আক্ষেপ, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’
সবশেষে রুনা লায়লার সুস্থতা দাবি করে তিনি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’
এর আগেও রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়িয়েছিল। গেল ১৪ জুলাই চাউর হয়েছিল তার মৃত্যুর খবর। গায়িকা তখন মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি অবস্থান করছিলেন। সেখান থেকে লিখেছিলেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’
পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেছিলেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে। তবে এবার এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি উপমহাদেশের এ জীবন্ত কিংবদন্তি।
আরআর