বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
মুক্তির অপেক্ষায় নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। ইতোমধ্যে ছবির লুক দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি করেছে। এবার প্রকাশ পেল এর টিজার। ছবির প্রথম ঝলকে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
টিজারে তুষিকে দেখা গেছে কালোজাদুর সঙ্গে লড়াই করতে। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক অলৌকিক ও রহস্যময় নীল চোখের চরিত্রে ধরা দিয়েছেন সিয়াম। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র গাজী রাকায়াতকে দেখা গেছে একটি বনের ভেতরে। আর এক ঝলকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

টিজারের শুরুতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত তুষি। ঠিক তখনই তাঁর পেছনে একটি ভুতুড়ে হাতের আবির্ভাব ঘটে। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। রঙিন সবকিছু অন্ধকারে ঢেকে যায়। বাথটপে পড়ে থাকতে দেখে যায় তুষিকে। তিনি এক অশুভ শক্তির নজরে পড়া এক বিপর্যস্ত ও রহস্যময়ী নারী।
চঞ্চল চৌধুরী, গাজী রাকায়াত ও ফারুক আহমেদ রেহানকে টিজারে দেখা গেলেও তাঁদের চরিত্রগুলো স্পষ্ট করেননি নির্মাতা। একটি দৃশ্যে অভিনেত্রী আফসানা মিমিকে তুষির চিৎকার শুনে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা যায়। টান টান উত্তেজনার টিজারের বিজিএম নেটিজেনদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরীকে শামশের, মোস্তফা মনোয়ারকে ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী অক্টোবরে। যদিও তারিখ উল্লেখ করা হয়নি।
ইএইচ/