চলছে নির্মাতা রায়হান রাফীর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর প্রচারণা। লুক লিকের পর প্রকাশ করা হয়েছে প্রথম অফিসিয়াল পোস্টার। অভাবনীয় সাড়া ফেলেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যম সয়লাব অসংখ্য ফ্যানমেইড পোস্টারে। এ উন্মাদনায় উচ্ছ্বসিত নির্মাতা দিলেন ‘আন্ধার’-এর ফ্যানমেইড পোস্টারের প্রতিযোগিতার ঘোষণা।
আজ শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এ ঘোষণা দেন রাফী। তিনি লেখেন, ‘‘আপনারাই যখন নিজেদের মতো করে ‘আন্ধার’-এর পোস্টার বানানো শুরু করে দিয়েছেন, আমরা আর থামাই কীভাবে? তাই এবার অফিশিয়ালিই হোক ANDHAR FANMADE POSTER CONTEST 1।’’
প্রতিযোগিতার জন্য নির্মাতা সময় বেঁধে দিয়েছেন ৭২ ঘণ্টা। এরমধ্যে আগ্রহীদের অংশ নিতে হবে। পরিচালকের কথায়, ‘Anime, Horror, Comedy, Meme কিংবা একদম অদ্ভুত কিছু- আন্ধারের পোস্টার রিক্রিয়েট করুন আপনার মতো করে, যত খুশি তত! সময় মাত্র ৭২ ঘণ্টা! পাবলিক প্রাইভেসি দিয়ে পোস্ট করুন আন্ধার ফ্যানমেড পোস্টার হ্যাশট্যাগ ব্যাবহার করে ট্যাগ করুন আমাদের Andhar ফেসবুক পেজকে।’
রাফী জানান, প্রতিযোগিতায় সেরা হিসেবে গণ্য করা হবে ১০টি ফ্যানমেইড পোস্টার। বিজয়ীরা পাবেন আন্ধারের ২টি টিকিট এবং ‘আন্ধার’-এর অফিশিয়াল হ্যান্ডেল থেকে আলাদা করে ফিচার।
সামাজিক মাধ্যমে ‘আন্ধার’-এর ভিন্ন ধর্মী প্রচারণা চালাচ্ছেন রাফী। এরইমধ্যে লিক করেছেন ছবির অভিনয়শিল্পীদের লুক। যা নজর কেড়েছে নেটিজেনদের। প্রশংসিত হয়েছে নাজিফা তুষি, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরীসহ বাকিদের লুকও।
অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এ সিনেমায় আরও অভিনয় করছেন রেহান, আফসানা মিমি, স্বর্ণালী চৈতি, গাজী রাকায়েত প্রমুখ।
আরআর




