বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আন্ধার’-এর দেলোয়ার সিয়াম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

‘আন্ধার’-এর দেলোয়ার সিয়াম

অবশেষে ‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদের লুক লিক করলেন রায়হান রাফী। এর আগে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরীকে সামনে আনেন নির্মাতা। আজ বৃহস্পতিবার সিনেমার শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম শেয়ার করেছেন রাফী। জানা গেছে, সিয়ামকে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে দেখা যাবে। 

সিয়ামের লুক দর্শকের মাঝে সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। ফাঁস হওয়া লুকে দেখা যায়, স্যুট পরিহিত অবস্থায় সিয়াম। মুখ ভর্তি দাড়ি-গোঁফ। তাঁর দুই পাশে অস্ত্রধারী দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাঁদের পিস্তল দুটি সরাসরি সিয়ামের মাথার দিকে তাক করা। 

অভিনেতার লুক ফাঁস করে রাফী লিখেছেন, “সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’— একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক— যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই। কোনো প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। ‘আন্ধার’ করতে গিয়ে মনে হয়েছে আমাদের এমন নায়ক খুব দরকার। আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়ে পেয়েছি সিয়াম আহমেদকে।”

সিয়ামের কাজের প্রশংসা করে রাফী লিখেছেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে— দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।’

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। তুষি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, রেহান, আফসানা মিমি, স্বর্ণালী চৈতির মতো তারকারা। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর