বিনোদন প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তানিয়া বৃষ্টির। নাটক-ওটিটিতে রেখেছেন তার প্রমাণ। চলচ্চিত্রেও ছড়িয়েছেন মুগ্ধতা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ছন্দে চলছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। হঠাৎ ছন্দপতন ঘটায় অসুস্থতা।
গেল ফেব্রুয়ারিতে জানা যায় ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি। এরপর ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। পরে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয় তাকে। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় অভিনেত্রীর।

সে খবর অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়— নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’
এরপর গেল ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা গিয়েছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’ এর দুইদিন পর ৩ এপ্রিল আরেক পোস্টে বৃষ্টি লিখেছিলেন, , ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’

এরপর কেটে গেছে কয়েক মাস। অনুরাগীদের প্রশ্ন, এখন কেমন আছেন তাদের প্রিয় তারকা? তানিয়া বৃষ্টির এক ঘনিষ্ঠ সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, বৃষ্টি এখন ভালো আছেন। আগের চেয়ে অনেক সুস্থ তিনি। সব ঠিক থাকলে কাজে ফিরতে পারেন শিগগির।
অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় তানিয়া বৃষ্টি। মাঝে মাঝেই নিজের ছবি প্রকাশ করেন। পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাও চালাতে দেখা যায়।

অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।
আরআর